শান্তিপুরে গভীর রাতে ডাকাতির আগেই পাকড়াও পাঁচ ডাকাত
সংবাদদাতা, শান্তিপুর (নদীয়া): পুজোর আগে তদন্ত নেমে হাতেনাতে পাঁচজনের এক ডাকাত দলকে ধরে ফেলল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাঁড়াশি, ধারালো চপার, নাইলন দড়ি, শাবল এবং স্ক্রু ড্রাইভার। অভিযুক্ত ডাকাতদের নাম আব্দুর সাত্তার শেখ, আনোয়ার ঘরামী, হাফিজুল শেখ শওকত শেখ ও শাহজাহান মল্লিক। অভিযুক্তদের রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।
প্রশাসন সূত্রের খবর, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, গতকাল গভীর রাতে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। সেই খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার একটি পুলিশ টিম শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কের বাবলা কেসিসি কোম্পানি সংলগ্ন এলাকায় হানা দেয়। পুলিশকে দেখে আচমকা কয়েকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকেই ৫ জনকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে অস্ত্রসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। এরপরই জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের দোষ স্বীকার করে নেয়। অভিযুক্ত ডাকাতদের বাড়ি শান্তিপুর থানা এলাকার আড়পাড়া এবং পাঁচপোতা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই ডাকাত দলটি আড়পাড়া এলাকার বিভিন্ন নামী ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে এই ডাকাত দলটি আগে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কি না, তাও জানার চেষ্টা করেছে পুলিশ।
