বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হুড়মুড়িয়ে পড়ল শেয়ারবাজার, সেনসেক্স-নিফটির রেকর্ড পতন

24 September, 2026 6:13 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে নামতে থাকে স্টকের সূচক। দুপুর দেড়টার মধ্যেই ১,১০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স, আর বিকেলে লেনদেন বন্ধ হওয়ার পর পতনের পরিমাণ দাঁড়ায় ১,২৪৭.৭১ পয়েন্টে। ফলে ১.৬৭ শতাংশ কমে ৭৩,৫৮০.৫৪ পয়েন্টে নেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ। একই ছবি দেখা গিয়েছে নিফটিতেও, যেখানে পতনের অঙ্ক ৩৮৩.৭০ পয়েন্ট।

এদিন ২৩,০৬৩.১০ পয়েন্টে দৌড় থামায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি-৫০, যা সব মিলিয়ে নেমেছে ১.৬৪ শতাংশ। উল্লেখ্য, প্রধান শিল্পক্ষেত্রগুলির নিরিখে ভারতীয় শেয়ার বাজারে মোট ১৬টি সূচক রয়েছে। এদিন লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই খাদে নামে এর মধ্যে ১৪টি সূচক। এই তালিকায় অন্যতম হল নিফটি মিডক্যাপ-৫০, নিফটি মিডক্যাপ-১০০ এবং নিফটি স্মলক্যাপ-১০০, যেখানে যথাক্রমে ২.৫৭, ২.২৫ এবং ১.৫৩ শতাংশের পতন লক্ষ করা গিয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে যন্তর মন্তর-2.0, ফের আন্দোলনের ডাক ককরোচদের

বাজারের প্রত্যাশিত অস্থিরতা মাপার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি বিশেষ সূচক রয়েছে, যার নাম ‘ইন্ডিয়া ভোলাটিলিটি ইনডেক্স’ বা ইন্ডিয়া ভিআইএক্স। আর্থিক বিশ্লেষকদের কেউ কেউ একে ‘ভয় সূচক’ও বলে থাকেন। এদিন সেখানে ২২ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে, ফলে তা উঠে আসে ১২.৬৪ পয়েন্টে—যা স্পষ্টভাবেই বলে দিচ্ছে, লগ্নিকারীরা কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর, জীবন, স্বাস্থ্য এবং গাড়ির বিমা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রকাশ্যে আসে, যেখানে কমিশন কমানো-সহ বেশ কিছু নতুন শর্তের কথা বলা হয়েছে। এই শর্তগুলি কার্যকর হলে বিমা সংস্থাগুলির মুনাফার অঙ্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, আর তার জেরেই ওই ক্ষেত্রের শেয়ার বিক্রিতে লগ্নিকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এর সরাসরি প্রভাবেই অনেকটা নীচে নেমে যায় সেনসেক্স ও নিফটি। বিমা সংস্থাগুলির পাশাপাশি তাদের সঙ্গে যুক্ত ব্যাঙ্কগুলির স্টকও ব্যাপকভাবে বিক্রি করেছেন বিনিয়োগকারীরা। উদাহরণ হিসেবে বলা যায় পলিসিবাজার বিমার মূল সংস্থা পিবি ফিনটেক এবং ম্যাক্স ফিনান্সিয়ালের কথা—এই দুই সংস্থার শেয়ারের দর কমেছে যথাক্রমে ৩৪ এবং ৯.৭১ শতাংশ। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের স্টকের দাম কমতে দেখা গিয়েছে যথাক্রমে ৪.০৯ শতাংশ এবং ১.০১ শতাংশ। সস্তা হয়েছে বজাজ ফিনসার্ভ এবং বজাজ ফিনান্সের শেয়ারও—সারাদিনে এই দুই আর্থিক প্রতিষ্ঠানের স্টকের দর পড়েছে যথাক্রমে ৪.৩৩ এবং ৫.৮৭ শতাংশ।

প্রতিবেদন

UTSAB RC