জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে যন্তর মন্তর-2.0, ফের আন্দোলনের ডাক ককরোচদের
সংবাদদাতা, নয়াদিল্লি: ‘যন্তর মন্তর ভার্সন ২’! দেশের মুখ্য নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে ফের দেশজুড়ে আন্দোলন। হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সংগঠনটি, যেখানে তিনটি মূল দাবির কথা তুলে ধরেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা। জ্ঞানেশের ইস্তফা দাবির পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করারও দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবি, জ্ঞানেশকে ঠিক কে বা কারা নির্দেশ দিয়েছিলেন, তা প্রকাশ্যে আনতে হবে।
দীপকেদের দ্বিতীয় দাবি হল, আসন্ন সমস্ত নির্বাচন স্থগিত রাখতে হবে এবং অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে। পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি মাসের ভোটার তালিকা পুনরায় ফিরিয়ে আনার দাবিও জানিয়েছে তারা। এসআইআর সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য নিরপেক্ষ কমিটি গঠনেরও দাবি তুলেছে সংগঠন, সঙ্গে তাদের সংযোজন—এসআইআর সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে সুপ্রিম কোর্টকে। ককরোচদের তৃতীয় ও শেষ দাবি হল, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিল করতে হবে এবং কমিশনার নিয়োগের জন্য প্রণয়ন করতে হবে সম্পূর্ণ নতুন একটি আইন। নতুন আইন তৈরির প্রক্রিয়ায় নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা।
If CEC Gyanesh Kumar doesn’t resign in 48 hours, we will start a nationwide agitation.
Gyanesh Kumar Isteefa Do! pic.twitter.com/mzsU8i5pft
— Cockroach Janta Party – CJP (@Cockroachisback) September 24, 2026
সাংবাদিক বৈঠকে দীপকে বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার সবচেয়ে বড় দেশদ্রোহী। তাঁর এখনই পদত্যাগ করা উচিত। কারণ তিনি দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক।” তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “৪৮ ঘণ্টার মধ্যে যদি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন, তাহলে ককরোচ জনতা পার্টি সারা দেশে প্রতিবাদে নামবে। উনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা পিছু হটব না।”
প্রসঙ্গত, গত জুন মাসে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এ অনিয়মের প্রতিবাদে এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থানে বসেছিল সিজেপি। সেই আন্দোলনে শামিল হয়েছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও, যিনি অনশনেও বসেছিলেন। সেই আন্দোলনের চাপেই ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে ফের সেই একই ধরনের আন্দোলন শুরু করা হবে বলে বৃহস্পতিবার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দীপকে।
