সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ নেত্রীকে ডিম থেরাপি !
নিজস্ব প্রতিবেদন : এবার জনতার রোষের মুখে সন্দেশখালির শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রী।
ব্লক তৃণমূলের সভানেত্রী মিঠু সর্দারকে দেখতে পেয়ে এদিন ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় মহিলারা। মঙ্গলবার দুপুরে তাঁকে লক্ষ্য করে চলল ‘ডিম থেরাপি’। স্থানীয়দের অভিযোগ, এই তৃণমূল নেত্রী রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক দুর্নীতি করেছেন। এমনকী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে মিঠুর বিরুদ্ধে।
মিঠু সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী। পাশাপাশি তিনি সন্দেশখালি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিরও সদস্য। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই তৃণমূল নেত্রীকেও গ্রেপ্তার করা হয়। দিন কয়েক আগে তিনি ছাড়া পেয়েছেন। তারপরই মঙ্গলবার বাড়ি থেকে বেরন মিঠু।
তাঁকে রাস্তায় দেখতে পেয়ে ঘিরে ধরেন স্থানীয় মহিলারা। তাঁর বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে। মিঠুকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাস্থল থেকে কোনও রকমে পালিয়ে যান শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিঠু। একটি দোকানে আশ্রয় নেন। পরে সেখান থেকে বার করে ডিম ছোড়া হয়।উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে হামলার শিকার হন ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহজাহান ঘনিষ্ঠ মিঠু সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়াও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। বিভিন্ন কুকীর্তির অভিযোগ রয়েছে। এবার স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন মিঠু।
