সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ
সংবাদদাতা, দিল্লি: আর জি কর হাসপাতালে অর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। বলা হয়েছে, বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং তার বন্দি থাকার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সিবিআই–এর করা আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু তাঁকে জামিন দিতে অস্বীকার করে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার তার আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট।
প্রায় আড়াই বছর ধরে জেলে আছেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট পেশ করার পর শুরু হয়েছিল তার বিচারপর্ব। কিন্তু ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। শীর্ষ আদালতে সেই বিষয়ই তুলে ধরেন সন্দীপের আইনজীবী। তারপরই সন্দীপের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় আগেই জামিন পেয়েছেন সন্দীপ।
এদিকে সন্দীপ ঘোষের জামিনের খবর ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর জি কর হাসপাতালে নির্যাতিতা বাবা। বলেছেন, ‘সিবিআই যে অপদার্থ একটি সংস্থা তা আরও একবার প্রমাণ হল।’ আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়ক। তাঁর স্বামীর মুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মন্তব্যকে উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্যাতিতার বাবা জানিয়েছেন, ‘যদি বিচার না পাই, তা হলে এটা বলা ছাড়া আর কোনও উপায় নেই। এতে যদি দল রাগ করে, তাতে কিছু করার নেই।’
