গুলিতে হত যোগীরাজ্যের সমাজবাদী পার্টির নেতা
সংবাদদাতা, লখনউ: গুলিতে ঝাঁঝরা উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা পবন যাদব। মঙ্গলবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে এক পরিচিতের সঙ্গে কথা বলছিলেন পবন। সেই সময়ে মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পিঠ লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পবনকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ধারণা, পরিকল্পনা করেই খুন করা হয়েছে পবনকে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গানগর এলাকার ডিসিপি কুলদীপ সিং গুনাওয়াত জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
জানা গেছে, প্রয়াগরাজ এলাকায় সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ছিলেন পবন যাদব। পরিবারের লোকজনের দাবি, পবনের সেই অর্থে কোনও শত্রু ছিল না। পবনের ভাই ব্রজেশ যাদব জানিয়েছেন, কেউ একজন ফোন করে পবনকে রাস্তায় যাওয়ার জন্য ডেকেছিলেন। তারপরই এই ঘটনা ঘটে। যে ব্যক্তি ফোন করেছিলেন তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, উত্তরপ্রদেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। এরপরই যাগীর দাবি ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেছিলেন, বাইরে থেকে বহু দুষ্কৃতী এসে উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়েছে। তাঁর অভিযোগ ছিল, বিজেপি ওইসব অপরাধীদের আড়াল করে রেখেছে। এদিকে পবন যাদবকে খুনের ঘটনার পর একই অভিযোগে উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির মুখপাত্র নিধি যাদব।
