বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অন্নপূর্ণা ভাণ্ডার: নবদ্বীপ পুরসভায় বিক্ষোভ, স্মারকলিপি মহিলা সমিতির

08 September, 2026 7:11 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 

সংবাদদাতা, নদীয়া: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আর্থিক মানদণ্ডের ভিত্তিতে সমস্ত যোগ্য মহিলার অন্তর্ভুক্তি-সহ একাধিক নাগরিক পরিষেবার দাবিতে নবদ্বীপ পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নবদ্বীপ এরিয়া কমিটি। মঙ্গলবার বিকেলে পুরসভার প্রধান ফটকের সামনে সংগঠনের সদস্য ও সমর্থকেরা বিক্ষোভে শামিল হন। পরে পুর কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবিসম্বলিত স্মারকলিপিও জমা দেওয়া হয়।
এদিন ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে পুরসভা চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। বিক্ষোভ চলাকালীন মহিলাদের সামাজিক নিরাপত্তা, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন তাঁরা।
সংগঠনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কোনো ধরনের পক্ষপাত বা বঞ্চনা ছাড়াই আর্থিক মানদণ্ডের ভিত্তিতে প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অন্তর্ভুক্ত করা। পাশাপাশি শহরে নিয়মিত পরিস্রুত পানীয় জলের সরবরাহ, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, গৃহহীনদের আবাস যোজনার সুবিধা প্রদান-সহ নাগরিক পরিষেবামূলক মোট ১১ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আবেদন জানানো হয়।
বিক্ষোভ শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল নবদ্বীপ পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র জমা দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী সেলিনা খাতুন, কৃষ্ণা অধিকারী-সহ অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থক।
সংগঠনের নেতৃবৃন্দের দাবি, সাধারণ মানুষের মৌলিক অধিকার ও মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। যদিও পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik