বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

Prabir Das: ৩২-এই বুটজোড়া তুলে রাখলেন প্রবীর

16 September, 2026 2:52 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: যে বয়সে ফুটবলারের পায়ে আরও কয়েকটা মরশুমের স্বপ্ন থাকার কথা, সেই বয়সেই শেষ হয়ে গেল তাঁর দৌড়। মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মোহনবাগান, এটিকে, বেঙ্গালুরু এফসি-সহ একাধিক ক্লাবের জার্সি পরা বাংলার নির্ভরযোগ্য রাইট-ব্যাক প্রবীর দাস (Prabir Das)। আই লিগ থেকে আইএসএল, ডুরান্ড কাপ থেকে জাতীয় দলের জার্সি—১৪ বছরের পথচলার শেষে মঙ্গলবার নিজেই জানিয়ে দিলেন, এ বার মাঠের বাইরের জীবনে পা রাখছেন তিনি।

সমাজমধ্যমে আবেগঘন পোস্ট করলেন প্রবীর দাস

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে অবসরের সিদ্ধান্ত জানান প্রবীর দাস। লিখেছেন, “প্রতিটি অধ্যায়েরই একটা শেষ বাঁশি থাকে। আজ সেই পথটা হাঁটছি বুকভরা কৃতজ্ঞতা নিয়ে।” ফুটবলকে ঘিরেই তাঁর বেড়ে ওঠা, পরিচিতি এবং জীবনের বড় একটা অংশ। তাই বিদায়ের কথাতেও ফিরে এসেছে সেই মাঠের স্মৃতি।

প্রবীর দাস: ১৪ বছরের ফুটবল ক্যারিয়ার

সেল অ্যাকাডেমি থেকে উঠে এসে ২০১২ সালে পৈলান অ্যারোজের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক প্রবীরের। পরে ডেম্পো, এফসি গোয়া ও দিল্লি ডায়নামোস ঘুরে ২০১৫ সালে যোগ দেন মোহনবাগানে। সবুজ-মেরুন জার্সিতে ২০১৪-১৫ আই লিগজয়ী দলের সদস্য ছিলেন। পরের মরশুমে জেতেন ফেডারেশন কাপ।

এর পর এটিকে-র হয়ে আরও দু’টি বড় সাফল্য। ২০১৬ এবং ২০১৯-২০—দু’বার আইএসএল চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন প্রবীর। বেঙ্গালুরু এফসির হয়ে ২০২২ সালে জেতেন ডুরান্ড কাপ। কেরিয়ারে খেলেছেন এটিকে মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এবং ইন্টার কাশির হয়েও।

এটিকে মোহনবাগানের হয় আইএসএল জিতলেন প্রবীর দাস

তবে এই পথ সবসময় মসৃণ ছিল না। ২০১৮-১৯ মরশুমে গুরুতর হাঁটুর চোটে প্রায় ২৮৪ দিন মাঠের বাইরে ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর ফিরে এসেই ২০১৯-২০ মরশুমে এটিকে-র হয়ে আইএসএল জেতেন। পরে কেরালা ব্লাস্টার্সে থাকাকালীন স্নায়ুর সমস্যাও ভোগায় তাঁকে। চিকিৎসা ও পুনর্বাসনের পর মাঠে ফিরলেও শেষ পর্যন্ত ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বিচার

আরও পড়ুন: ১৮ শটের রেকর্ড টাইব্রেকার! জঘন্য ফুটবল খেলে কোনোমতে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

জাতীয় দলের হয়েও খেলছেন

জাতীয় দলের জার্সিতেও খেলেছেন প্রবীর। ভারতের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি সিনিয়র জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন। মোহনবাগানের সঙ্গে তাঁর সম্পর্কটা অবশ্য অন্যরকম। অবসরের বার্তাতেও সেই আবেগ স্পষ্ট। প্রবীর লিখেছেন, “সবাই জানে মোহনবাগানের সঙ্গে আমি কতটা আবেগ দিয়ে জড়িয়ে আছি। ওটা সবসময় আমার মাদার ক্লাব হয়ে থাকবে।”

প্রবীর দাস

প্রবীর দাস

গল্পটা এখানেই শেষ নয়

তবে ফুটবলকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না তিনি। তাঁর কথায়, “আমি অবসর নিচ্ছি, কিন্তু ফুটবলকে বিদায় জানাচ্ছি না। ফুটবল আমাকে সব দিয়েছে। এ বার আমার পালা কিছু ফিরিয়ে দেওয়ার।” আই লিগ, ফেডারেশন কাপ, দু’টি আইএসএল, ডুরান্ড কাপ—ট্রফির তালিকায় কম কিছু নেই। জাতীয় দলের জার্সিও রয়েছে। ৩২-এই শেষ হল মাঠের দৌড়। শেষ বাঁশি বেজে গেল ঠিকই, কিন্তু ভারতীয় ফুটবলে প্রবীর দাসের ছুটে চলার গল্পটা এখানেই শেষ নয়।

প্রতিবেদন

Arko Banerjee