জুয়ার ঠেকে পুলিশি অভিযান: গুরুতর জখম এএসআই
সংবাদদাতা, মুর্শিদাবাদ: জুয়ার আসরে হানা দিয়ে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের সালারের খারেরা গ্রামের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি জুয়ার ঠেকে অভিযান চালায় সালার থানার পুলিশের একটি দল। পুলিশ পৌঁছতে দেখেই জুয়ার ঠেক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি বোমা ছোড়া শুরু হয়। তখনই গুরুতর আহত হন এএসআই সাদেক আলিসহ আরও কয়েকজন পুলিশকর্মী। আহতদের উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাদেক আলির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রবিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাফ। সন্দেহজনক কয়েক জনকে আটক করা হলেও দুষ্কৃতিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। আটক ব্যক্তিদের জেরা করে জুয়ার ঠেকে কারা ছিলেন, কোথা থেকে বোমা আনা হয়েছিল, কারা বোমা ছুড়েছিল ইত্যাদি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
