পাঞ্জাবে ফের আততায়ীর গুলিতে হত পুলিশকর্মী
সংবাদদাতা, অমৃতসর: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পুলিশের। কর্তব্যরত অবস্থায় আততায়ীর গুলিতে প্রাণ গেল পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর হরজিৎ সিং–এর। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক–ই–তালিবান হিন্দুস্তান জঙ্গি সংগঠন। রাতে মোটরসাইকেলে চেপে নজরদারি চালাচ্ছিলেন এএসআই হরজিৎ। ভগৎওয়ালা শস্য বাজারের কাছে আচমকাই তাঁকে লক্ষ্য করে সামনে থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এদিকে ঘটনার দায় স্বীকার করলেও তেহরিক–ই–তালিবান হিন্দুস্তানের দাবি মানতে রাজি হয়নি পাঞ্জাব পুলিশ। তাদের ধারণা, এটি কোনও জঙ্গি হামলা নয়। হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশকর্মীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এছাড়াও, এএসআইয়ের পরিবারকে বিমার এক কোটি টাকা দেবে একটি বেসরকারি ব্যাঙ্ক।
এক সপ্তাহের মধ্যে দু’বার পুলিশকর্মী খুনের ঘটনায় পাঞ্জাবে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই শাসক দল আম আদমি পার্টিকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি এবং অকালি দল। বিজেপি নেতা তরুণ চুঘ জানিয়েছেন, রাজ্যে পুলিশেরাও যে সুরক্ষিত নয়, এই ঘটনা তার প্রমাণ। ইতিমধ্যেই ২২টি থানায় গ্রেনেড হামলা করা হয়েছে।
