পুজোর মরশুমে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
সংবাদদাতা, কলকাতা: পুজোর মরশুমে জ্বালানির দাম বৃদ্ধি। একধাক্কায় অনেকটাই বাড়ল বেসরকারি সংস্থা জিও বিপি-র পেট্রোল আর ডিজেলের দাম। ফলে যাদের নিয়মিত গাড়ি নিয়ে বেরতে হয়, তাদের সমস্যা বেশ বাড়ল। পেট্রোলের দাম লিটার প্রতি ৫টাকা আর ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও বিপি। ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। তবে স্বস্তির খবর বাকি তেল সংস্থাগুলি এখনও পর্যন্ত তেলের দাম বাড়ানোর বিষয়ে কিছু জানায়নি। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৩.৫১ টাকা। ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোল আর ডিজেলের দাম ১০২.১২ ও ৯৫.২০ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল আর ডিজেলের দাম ১১১.৬৮ টাকা ও ৯৯.৫৬ টাকা। চেন্নাইয়ে দাম ১০৭.৭৭ ও ৯৯.৫৫ টাকা।
জিও-বিপির পাম্পগুলিতে দাম বৃদ্ধির পরে নতুন দাম কিছুটা হলেও বেড়েছে। পেট্রোলের জন্য খরচ হবে লিটার প্রতি ১০৯.৮০ টাকা। ডিজেলের জন্য ৯৭.৭৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধির জেরে সরবরাহ ও বিপণনের খরচ বেড়েছে। তেমনই জানিয়েছে জিও-বিপি। বাড়তি খরচ সামলাতেই এই মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির কারণে চাপ বাড়বে ক্রেতাদের ওপর।
জিও-বিপির আগে গত ৩ অক্টোবর পেট্রোলের দাম লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল নায়ারা এনার্জি। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে পরপর দুই বেসরকারি জ্বালানি সংস্থা দাম বাড়াল। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও কি একই পথে হাঁটবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
