দিনে হাজার টাকা খরচ করতে পারলেও আপনি গরীব, বলছে বিশ্বব্য়াঙ্ক
নয়াদিল্লি: বিশ্বের বেশ কয়েকটি ধনী দেশের ১০ শতাংশ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের থেকেও ওপরে। ভারতের যারা সত্য়িকারের ধনী, তারাও উন্নত দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্বব্য়াঙ্কের ২০২৬ সালের পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্মের তথ্য বলছে এই কথা।
ভারতে সবচেয়ে গরীব ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু আয় বা ভোগের সীমা প্রায় ৩ ডলার। একই হিসাবে যুক্তরাষ্ট্রে এই অঙ্ক ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার, আর জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার করে মাথাপিছু আয় বা ভোগ। অন্যদিকে ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশের সীমা দৈনিক প্রায় ১০ ডলার। যুক্তরাষ্ট্রে সেটা ১৭৩ ডলার, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলার এবং জার্মানিতে ১২৮ ডলার। ভারতের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, মাসে ৮০ হাজার রুপি আয় করলেই একজন ব্যক্তি দেশের শীর্ষ ১০ শতাংশের মধ্যে পড়েন।
ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আহোনা দত্তগুপ্ত এনডিটিভিকে বলেছেন, এই তুলনা শুধু দারিদ্র্য নয়, গোটা অর্থনীতিতে নিম্ন আয়ের গভীর সমস্যাটাই তুলে ধরে। ভারতে দিনে ১০ ডলার খরচ করতে পারলে কেউ শীর্ষ ১০ শতাংশে ঢুকে যান। কিন্তু কানাডা, জাপান বা যুক্তরাষ্ট্রে একই অঙ্ক একজনকে সবচেয়ে গরীব ১০ শতাংশের মধ্যে ফেলে।
তাঁর যুক্তি, ভারতের দরিদ্র মানুষের জীবনযাত্রার মান বাড়ানো জরুরি, কিন্তু শুধু তাতে দেশ সমৃদ্ধ হবে না। দরিদ্ররা আজকের তুলনামূলক সচ্ছল পরিবারগুলোর স্তরে পৌঁছালেও ধনী দেশগুলোর তুলনায় তাঁরা অনেক পিছনেই থেকে যাবেন। তাই ধনী-গরিবের ব্যবধান কমানোর পাশাপাশি পুরো জনগোষ্ঠীর আয় ও উৎপাদনশীলতা বাড়ানোর দিকেই ভারতের নজর দেওয়া উচিত।
