India vs Panama: ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চের দিশা বাতলে দিলেন পানামা কোচ
কলকাতা: আয়তনে পশ্চিমবঙ্গের চেয়েও ছোট পানামা। অথচ বিশ্বফুটবলে ভারতকে পিছনে ফেলে দু’বার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। একশো কোটির ‘ঘুমন্ত দৈত্য’ ভারত এখনও বিশ্বকাপের স্বপ্নে বিভোর। আর সেই স্বপ্নপূরণের রাস্তাটা কী, তা-ই বুঝিয়ে দিলেন পানামার কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন (Thomas Christiansen)।

Ad
দিশা দিলেন ক্রিশ্চিয়ানসেন
আসন্ন ফিফা উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ে—তিন বিশ্বকাপ খেলিয়ে দেশের বিরুদ্ধে নামবে খালিদ জামিলের ভারত। এমন সুযোগ আগে আসেনি। কিন্তু শুধু বড় দলের বিরুদ্ধে খেললেই যে বিশ্বকাপের দরজা খুলবে না, তা স্পষ্ট করে দিয়েছেন পানামা কোচ। ক্রিশ্চিয়ানসেনের কথায়, “সব দিক থেকেই এগিয়ে যেতে হবে এবং উন্নতি করতে হবে। ঘরোয়া লিগ আরও ভাল হতে হবে, পরিকাঠামো উন্নত করতে হবে। ফুটবলারদের উন্নতির জন্য সেরা পরিবেশ তৈরি করতে হবে। একইসঙ্গে ভাল কোচ এনে খেলোয়াড়দের প্রয়োজনীয় বিষয়গুলি শেখাতে হবে।”
সঠিক পথে ভারত
ভারত যে সঠিক পথে একটা পদক্ষেপ করেছে, তা-ও মানছেন তিনি। তাঁর কথায়, “ভারত যেটা ভাল কাজ করেছে, সেটা হল ফিফা উইন্ডোতে বিশ্বকাপ খেলা তিনটি দলের বিরুদ্ধে খেলা। এর ফলে তারা নিজেদের অবস্থান বুঝতে পারবে। বিশ্বকাপে খেলতে হলে যে পর্যায়ে পৌঁছতে হবে, সেই মান সম্পর্কে ধারণা তৈরি হবে।”
সাফল্যের নেপথ্যে ক্রিশ্চিয়ানসেন
২০১৮ সালে প্রথম বার বিশ্বকাপে খেলেছিল পানামা। ২০২২-এ ছিটকে গেলেও ২০২৬-এ ফের মূলপর্বে ফিরেছে তারা। ২০২০ সাল থেকে ক্রিশ্চিয়ানসেনের কোচিংয়ে ২০২৩ গোল্ড কাপের ফাইনালেও উঠেছিল দল। তাঁর বর্তমান স্কোয়াডে রয়েছেন ২০২৬ বিশ্বকাপে খেলা ১৪ জন ফুটবলার।
আরও পড়ুন: India vs Brazil: কার্লো আনচেলত্তির মন্তব্য নিয়ে মতামত দিতে নারাজ খালিদ
আরও পড়ুন: India vs Uruguay: কলকাতায় নামছে তারার মেলা! ফোরলানের ৪৬ জনের তালিকায় ভালভার্দে-আরাউহো-নুনেজ
ভারতীয় ফুটবলের গোড়ায় গলদ
অন্যদিকে, ভারতের ঘরোয়া ফুটবলেই অনিশ্চয়তার মেঘ। এআইএফএফ ও এফএসডিএলের বাণিজ্যিক চুক্তি নিয়ে টানাপোড়েন, আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, মরশুম শুরুতে দেরি—সব মিলিয়ে ধাক্কা খেয়েছে ফুটবলের ধারাবাহিকতা। ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ২০২৬-২৭ আইএসএল।
ঘরোয়া ফুটবলে জোর
পানামা, ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাই ভারতের কাছে শুধু শক্তি পরীক্ষার মঞ্চ নয়, নিজেদের ঘাটতি চেনারও সুযোগ। তবে ক্রিশ্চিয়ানসেনের বার্তা পরিষ্কার—বিশ্বকাপের স্বপ্ন দেখতে হলে আগে ঘরোয়া ফুটবলের ভিত শক্ত করতে হবে।
