ওঙ্গিদের জন্য সমষ্টি সচেতনতা কর্মসূচি
অনাদিরঞ্জন বিশ্বাস, আন্দামান
লিটল আন্দামানের ডুগং ক্রিক কমিউনিটি হলে আয়োজিত হল ‘সমষ্টি সচেতনতা কর্মসূচি’। আন্দামান ও নিকোবর প্রশাসনাধীন জিজাস্টার ম্যানেজমেন্ট নির্দেশালয়ের সামগ্রিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজক ছিল ৪ ব্যাটালিয়ন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), আন্দামানের রিজিওন্যাল রেসপন্স সেন্টার, উপজাতি কল্যাণ নির্দেশালয় ও দক্ষিণ আন্দামান জেলা প্রশাসন। ওঙ্গি উপজাতির পুরুষ, নারী ও শিশু মিলিয়ে মোট ১২০ জন সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের শেখানো ও বোঝানো হয় প্রাকৃতিক দুর্যোগ কতরকম হতে পারে এবং সেগুলি কী কী, প্রাকৃতিক দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধার করার কৌশলের খুঁটিনাটি, হৃদপিণ্ড ও ফুসফুস সুস্থ রাখার প্রক্রিয়া এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত থাকা সম্পর্কিত বিভিন্ন বিষয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওঙ্গি উপজাতিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ডুগং ক্রিক হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লিটল আন্দামান দ্বীপের মধ্যে থাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি আসলে একটি খাঁড়ি বা ছোট গ্রাম। এই ভারতের অন্যতম বিলুপ্তপ্রায় উপজাতি ওঙ্গিদের জন্য সংরক্ষিত একটি এলাকা। ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন (TRIFED) এই অঞ্চলের ওঙ্গি জনজাতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য এখানে ধন বন বিকাশ কেন্দ্র গড়ে তুলেছে। যা মূলত নারকেল থেকে বিভিন্ন পণ্য উৎপাদনে কাজ করে। এই অঞ্চল এবং এর আশপাশের সামুদ্রিক এলাকা ডুগং বা সামুদ্রিক গরুর চারণক্ষেত্র।
