আবার দিল্লি! এবার নাগাল্যান্ডের মহিলাকে নিগ্রহ, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, অভিযুক্ত ৩
সংবাদদাতা, নয়াদিল্লি: আবার দিল্লি! আবারও নারী নিগ্রহের অভিযোগ। এবার নাগাল্যান্ডের এক মহিলাকে হেনস্থা এবং জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাণক্যপুরীর একটি অভিজাত হোটেলের পার্কিং লটে। জানা গেছে রবিবার রাত সাড়ে ৩ টে নাগাদ ওই মহিলা তাঁর বন্ধুদের সঙ্গে হোটেল থেকে বেরোচ্ছিলেন। এরপরই অভিযুক্তরা মার্সিডিজে করে এসে মহিলা এবং তাঁর সঙ্গীদের পথ আটকান। তারপর হঠাৎই যুবকেরা নাগাল্যান্ডের ওই মহিলা এবং তাঁর এক বন্ধুকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলার পুরুষ বন্ধুরা প্রতিবাদ করলে অভিযুক্ত ৩ যুবক হকি স্টিক, লোহার চেন, রড নিয়ে আক্রমণ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে আবারও প্রশ্নের মুখে পড়ল রাজধানীর নারীসুরক্ষা ব্যবস্থা।
মাস দুয়েক আগেই উত্তরপ্রদেশের মৈনপুরীর বাসিন্দা এক কিশোরীকে নয়ডার সেক্টর ৬৩–র দিকে যাওয়ার পথে বাসচালক এবং কন্ডাকটর তাকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে দিল্লির কাশ্মীরি গেট এলাকায়। গত মাসেই দিল্লির স্বরূপনগরে রাস্তার ধারে উদ্ধার হয়েছিল এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। তদন্তে জানা যায়, মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। গত মাসেই কালকাজি মন্দিরের কাছে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কয়েজন ব্যক্তির বিরুদ্ধে।
এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও জে বি পারদিওয়ালার বেঞ্চ এই সব ঘটনাকে নির্ভয়াকণ্ডের সঙ্গে তুলনা করে ঘটনার জন্য পুলিশি ব্যবস্থার ব্যর্থতাকেই দায়ি করেছিলেন। তার পরেও ফের নারী নিগ্রহের ঘটনার অভিযোগ উঠল দিল্লিতে।
