বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সরকারি হাসপাতালের হেঁশেলে হানা ! খাবার খেয়ে ক্ষুব্ধ মন্ত্রী

27 August, 2026 6:20 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মান নিয়ে ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। রোগীদের জন্য খাবারের দৈনিক বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। তার পরেও কেন খাবারের গুণগত মানে প্রত্যাশিত পরিবর্তন এল না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়।

এদিন কলকাতার ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে নিজেই রোগীদের দেওয়া খাবার পরীক্ষা করেন এবং তার গুণগত মান যাচাই করতে তা খেয়ে দেখেন। খাবারের মান নিয়ে সন্তুষ্ট না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সরকার যখন খাবারের জন্য বরাদ্দ বাড়িয়েছে, তখন সেই অতিরিক্ত অর্থের সুফল রোগীদের পাতে পৌঁছচ্ছে না কেন তা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

চলতি বছরের বাজেটের পর রাজ্য সরকার সরকারি হাসপাতালের ভর্তি রোগীদের ফুল রাইস ডায়েট এর দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করেছে। অর্থাৎ বরাদ্দ প্রায় দ্বিগুণ। নতুন এই ব্যায় বরাদ্দ প্রতিটি সরকারি হাসপাতালে ১ অগস্ট থেকে কার্যকর হয়েছে। সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল রোগীদের খাবারের পুষ্টিগুণ, বৈচিত্র্য এবং সামগ্রিক মান উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আট বছর ধরে ৫৬.৬৪ টাকার মধ্যেই দিনে তিন বেলার খাবার দেওয়ার ব্যবস্থা চলছিল রাজ্যে।

তা পরিবর্তন করে সুষম খাবার দিতেই এই টাকা ধার্য করা হয়। বিভিন্ন হাসপাতাল থেকে খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছিল। কোথাও পাতলা ডাল, কোথাও অত্যন্ত ছোট মাছের টুকরো, আবার কোথাও নির্ধারিত দুধ, কলা বা ডিমের পরিবর্তে বিকল্প খাবার দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। বাজেট ঘোষণার সময় সরকারের তরফেও বলা হয়েছিল, পুরনো বরাদ্দে রোগীদের পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দেওয়া কঠিন হয়ে পড়েছিল।

সেই কারণেই ১১০ টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন বরাদ্দে রোগীদের আরও ভাল খাবার দেওয়ার পাশাপাশি মেনুতে বৈচিত্র্য আনার লক্ষ্যও ছিল। কিন্তু বরাদ্দ বাড়ার কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রীর পরিদর্শনে প্রশ্ন উঠল, টাকা বাড়লেই কি পরিষেবার মান বাড়ে। উত্তর যে এখনও পুরোপুরি ইতিবাচক নয়, তা ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালের ঘটনাতেই স্পষ্ট।

মন্ত্রী নিজে খাবার পরীক্ষা করে গুণগত মান উন্নত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন এবং ওয়ার্ড ও হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন।এর আগে পূর্ব বর্ধমানের একাধিক সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময়ও শারদ্বত মুখোপাধ্যায় পরিষেবা ও পরিকাঠামোর নানা ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে হাসপাতালের বাইরে পরিচ্ছন্নতা এবং উন্নতমানের খাবার পরিবেশনের উপর বিশেষ জোর দেওয়া হয়।

প্রতিবেদন

Sumantra Mukherjee