বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বাথরুমের অবস্থা শোচনীয়, সাফাই অভিযান স্থগিত করল বিজেপি

23 September, 2026 6:47 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রোগী ও পরিজনদের চরম দুর্ভোগের ছবি সামনে এল। হাসপাতালের বাথরুমগুলির বেহাল দশা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সাফাই অভিযান করতে এসেও শেষ পর্যন্ত তা স্থগিত রাখতে বাধ্য হলেন বিজেপি নেতৃত্ব। রোগীদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে গিয়ে এহেন পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি চার-পাঁচদিনের মধ্যে ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ঘটনার নেপথ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দলগতভাবে ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার দক্ষিণ মালদহ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে বিশেষ সাফাই অভিযান চালাতে যান। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি, সহ-সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, বর্ষীয়ান নেতা বিষ্ণুপদ রায়সহ অন্যান্য দলীয় কর্মী ও নেতৃত্ব।
বিজেপি প্রতিনিধি দলটি ট্রমা কেয়ার সেন্টারের চিকিৎসাধীন রোগীদের ওয়ার্ডে সাফাই কাজ শুরু করতে গেলে বিপত্তি ঘটে। ওয়ার্ডের বাথরুমে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। তারা লক্ষ্য করেন, বাথরুমগুলির ভেতরে নোংরা জমা হয়ে রয়েছে। বর্জ্য ও ময়লা জমে স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে। নিকাশি ব্যবস্থা স্তব্ধ হওয়ার পাশাপাশি বহু কাজের সরঞ্জাম ভেঙে পড়ে রয়েছে। নাকে রুমাল চাপা দিয়েও বাথরুমের ভেতরে ঢোকা অসম্ভব হয়ে পড়ছিল।
বাথরুমের এই বিকট পরিস্থিতির কারণে সেখানে রোগীরা ঢুকতে পারেন না বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। ফলে বাথরুমের ভেতরের শৌচকর্মসহ অন্যান্য কাজ বাইরেই আংশিক সম্পন্ন হতে বাধ্য হচ্ছে, যা পুরো ট্রমা কেয়ার সেন্টারকে রোগ ছড়ানোর আখড়ায় পরিণত করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ কর্মীদের পক্ষে বাথরুম পরিষ্কার করা সম্ভব নয় বুঝে অভিযান স্থগিত করেন অজয় গাঙ্গুলি।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা কেন বাথরুমে যেতে পারেন না, তা আজ দেখলাম। কাজের জিনিসপত্র সব ভেঙে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায়, আগের সরকারের আমলে সাফাইয়ের দায়িত্বে থাকা সংস্থাগুলি কাজ না করেই সরকারি টাকা তুলে নিত।” তিনি আরও বলেন, পেশাদার ঝাড়ুদার ছাড়া এই নোংরা পরিষ্কার করা সম্ভব নয়। তাই তারা ঝাঁটা হাতে নিয়ে সাফাই অভিযান করতে এলেও তা করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই জেলা বিজেপি নেতৃত্বের পক্ষে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অজয় গাঙ্গুলি জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর ও ট্রমা কেয়ার সেন্টার সাফ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান না হলে স্বাস্থ্য দপ্তর ও ওপর মহলে লিখিত নালিশ জানানো হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik