কৃষ্ণনগর জেলা দায়রা আদালত পরিদর্শনে আইনমন্ত্রী
সংবাদদাতা, নদীয়া: পরিকাঠামো খতিয়ে দেখতে এবং বিচারব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করতে নদীয়া জেলা দায়রা আদালত পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস। শনিবার দীর্ঘদিনের পুরনো এই আদালতের বিচারকক্ষ, এজলাস এবং আইনজীবীদের বারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত নানা সমস্যা চিহ্নিত করে দ্রুত তার স্থায়ী সমাধান করা। পরিদর্শন শেষে আইনমন্ত্রী কৃষ্ণনগর আদালতের বিভিন্ন সমস্যা এবং পরিকাঠামোগত ঘাটতির কথা স্বীকার করেন। তিনি জানান, এজলাস থেকে শুরু করে আইনজীবীদের বসার জায়গার পরিকাঠামো— সব ক্ষেত্রেই কিছু সমস্যা রয়েছে। বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীরা যাতে স্বাভাবিক ও সুষ্ঠ পরিবেশে কাজ করতে পারেন, তার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পাশাপাশি, নদীয়ারই অন্যতম গুরুত্বপূর্ণ নবদ্বীপ আদালতের পরিকাঠামো উন্নয়ন এবং সেখানে বিচারপতি নিয়োগের বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী। রাজ্যের প্রতিটি আদালতকে আধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তুলতে রাজ্য সরকার কাজ করে চলেছে। সাধারণ মানুষ যাতে সহজে এবং দ্রুত আইনি পরিষেবা পেতে পারেন, সে বিষয়ে রাজ্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পুরনো মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী জানান, বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে এবং বিচার ব্যবস্থার গতি বাড়াতে সরকার বিচারবিভাগের বিভিন্ন স্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। আদালত চত্বরে এসে আইনমন্ত্রী নদীয়া জেলা দায়রা আদালতের বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উঠে আসে একাধিক সমস্যার কথা। মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন যে, আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়া, বার কাউন্সিল নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথাও তিনি জানিয়েছেন। আদালত পরিদর্শনের পাশাপাশি সামাজিক ও আইনি পরিস্থিতি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সমাজবিরোধী কার্যকলাপ রুখতে গুন্ডা দমন আইনের আওতায় কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা অটুট রাখা হবে। একই সঙ্গে, নারী ও শিশু সংক্রান্ত অপরাধ দমনে রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানান। আইনমন্ত্রীর এই সচেতনতামূলক পরিদর্শন এবং পরিকাঠামো উন্নয়নের আশ্বাসে নদীয়া জেলার আইনজীবী মহল এবং বিচারপ্রার্থী মানুষজন খুশি।
