হাসপাতালে যোগেন চৌধুরী, রাখা হয়েছে ভেন্টিলেশনে

সংবাদদাতা, কলকাতা: গুরুতর অসুস্থ শিল্পী যোগেন চৌধুরী। ভর্তি আছেন দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। পরিবার সূত্রে খবর, এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে ভুগছেন অশীতিপর এই শিল্পী। গত চোদ্দমাসে একাধিক কেমো দেওয়া হয় শিল্পীকে। ফলে এমনিতেই শরীর দুর্বল ছিল। এর মধ্যেই দুর্গাপুজোর সময় আক্রান্ত হন মূত্রনালির সংক্রমণে। অবস্থা গুরুতর হয়ে উঠলে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক ডাঃ তুহিনকান্তি দোলুইয়ের অধীনে চিকিৎসা চলছে তাঁর।
শিল্পীর অসুস্থতার খবরে চিন্তিত বাংলা তথা ভারতের শিল্প, সাহিত্য মহল।
১৯৩৯ সালে অভিবক্ত বাংলার ফরিদপুরে জন্ম যোগেন চৌধুরীর। দেশভাগের সময় চলে আসেন কলকাতায়। এখানেই শিল্পশিক্ষার হাতেখড়ি। এরপর আর্ট বিষয়ক উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন প্যারিস। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেছেন বহুদিন।
