আইআইটি বম্বে: ছুটিতে গেলেন অভিযুক্ত অধ্যাপক! গ্রেপ্তার না হলে অনশনে বসবেন বলে হুমকি মৃত ছাত্রের বাবা–মায়ের
সংবাদদাতা, মুম্বই: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকড়ের মৃত্যুতে বিতর্ক চলছেই। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তেই অভিযুক্ত অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে ছুটিতে পাঠাল আইআইটি কর্তৃপক্ষ। এর আগে গত সোমবার তাঁকে প্রশাসনিক ডিনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওই অধ্যাপককের বিরুদ্ধে জাতপাত তুলে আক্রমণের অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আইআইটি কর্তৃপক্ষ। এই ঘটনায় তদন্ত চালাচ্ছে মুম্বইয়ের অপরাধদমন শাখাও। জানা গেছে, অভিযুক্ত অধ্যাপককে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে অপরাধ দমন শাখা। পাশাপাশি রেকর্ড করা হয়েছে সাহিলের মা–বাবার বয়ান। জানা গেছে, মৃত ছাত্রের বাবা–মা অভিযুক্ত দুই অধ্যাপক শিরীষ কেদারে এবং সূর্যনারায়ণ ডুল্লার ইস্তফা এবং গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। তাঁরা জানিয়েছে, দাবি মানা না হলে আমৃত্যু অনশনে বসবেন তাঁরা। অন্যদিকে আইআইটি বম্বের ক্যাম্পাসে যে জাতপাত নিয়ে আক্রমণ চলে, তার প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছেন সাহিলের বাবা–মা।
এদিকে আগের বিবৃতি থেকে সরে এসে নতুন এক বিবৃতিতে আইআইটি বম্বে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সাহিলের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর সম্পর্কে দেওয়া আগের বিবৃতির জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।’ উল্লেখ্য, মৃত্যুর ঘটনার পরে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছিল যে, ‘পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুকেছিলেন সাহিল। চ্যাটজিপিটি খুলে গোটা প্রশ্নপত্রটাই তাতে আপলোড করে দিয়েছিলেন। চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল করতে গিয়ে অধ্যাপকের কাছে ধরা পড়েছিলেন ওই।’
গত ১৮ সেপ্টেম্বর আইআইটি বম্বের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘর থেকে। সেই মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে আইআইটি বম্বের ক্যাম্পাস।
