মেগা ম্যাচের আগে যুবভারতীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ তালিকায় জলের বোতলও!
সংবাদদাতা, কলকাতা: মেসি-ম্যাচের বিশৃঙ্খলার বছর ঘুরতে না ঘুরতেই ফের ফুটবল-উন্মাদনায় সরগরম যুবভারতী। শনিবার সন্ধ্যায় ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না বিধাননগর পুলিশ।
সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামাকে আটকে দিয়েছেন খালিদ জামিলের ছেলেরা। এবার তাঁদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ ও মার্কুইনোসের মতো তারকাদের নিয়ে এসেছে সেলেকাওরা। ভারতীয় ফুটবলের সবচেয়ে “বড় ম্যাচ”-এর আগে শহরজুড়ে উৎসবের আমেজ। বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছচ্ছে ব্রাজিল দল। ম্যাচের জন্য নতুন সাজে সেজে উঠছে স্টেডিয়াম। দেওয়ালে পড়েছে নতুন রঙের পোঁচ, গেরুয়া ও হলুদের ছোঁয়া লেগেছে। প্রথমবার স্টেডিয়ামের প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। দর্শকদের ভালো অভিজ্ঞতা দিতে নতুন করে সাজানো হয়েছে র্যাম্প ও শৌচাগার, গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও। পরিচর্যা চলছে মাঠের ঘাসেরও।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, দর্শকদের সুবিধার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের আশপাশে বসছে ট্রাফিক সাইনেজ বোর্ড, থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। ম্যাচের দিন মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী।
নিরাপত্তার স্বার্থে মাঠে নিয়ে যাওয়া যাবে না:
- মাদকজাতীয় দ্রব্য
- লেজার লাইট
- ব্যানার, হোর্ডিং ও পোস্টার
- ছাতা
- জলের বোতল
মাঠে ঢোকার সময় এই বিষয়গুলিতে বিশেষ নজর রাখা হবে বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ কমিশনারের বক্তব্য, শান্তিপূর্ণভাবে ম্যাচ আয়োজনই মূল লক্ষ্য। তাই ফিফার নির্ধারিত সমস্ত নিয়মবিধি ও নিষেধাজ্ঞা মেনেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। গতবারের অভিজ্ঞতা মাথায় রেখে এবার দর্শকদের উন্মাদনা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখতেই বাড়তি সতর্ক পুলিশ।
