গোবরডাঙার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন
শৌভিক সরকার
গোবরডাঙা বিবেকানন্দ বিদ্যামন্দিরে যথাযথ মর্যাদায় পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মবার্ষিকী। বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রধান অতিথি হিসেবে ছিলেন গাইঘাটা ৪-এর মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায় , ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক অনিমেষ মণ্ডল, বনগাঁ ১ নম্বর চক্র অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সম্পাদিকা অর্পিতা দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নির্দেশক আশিস চট্টোপাধ্যায় মহাশয় এবং চিত্রশিল্পী বুদ্ধদেব রায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । আনুষ্ঠানিকভাবে বিবেকানন্দ বিদ্যামন্দিরের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয় এদিন। উদ্বোধক ও প্রধান অতিথি আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরণের অনুষ্ঠান গোবরডাঙার বুকে দৃষ্টান্ত স্থাপন করল। নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায় মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, গোবরডাঙাবাসীর কাছে বিবেকানন্দ বিদ্যামন্দির এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করল। তিনি বলেন গোবরডাঙার অন্তর্গত চন্ডীতলায় বিদ্যাসাগরের মামার বাড়ি। এবং গোবরডাঙা পৌরসভার প্রথম পৌরপ্রধান শ্রীশ বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করতে এগিয়ে আসেন। তিনি চিত্রশিল্পী বুদ্ধদেব রায়েরও প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান সম্পাদক বিপ্লব রক্ষিত বলেন আগামীদিনের শিশুরা যাতে বিদ্যাসাগরকে সঠিকভাবে জানতে এবং চিনতে পারে, সে জন্যই এই প্রয়াস। এরপর বিদ্যালয়ের শিশুরা নাচ,গান, নাটকের মাধ্যমে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষিকা বাণী রায়চৌধুরী।
