বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

সামনে এল ‘‌এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ঝলক

03 September, 2026 7:56 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক
সামনে এল সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার টিজার। সেখানে চোখের সামনে ভেসে উঠল এক সময়ের ঝলক যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা এক সুতোয় বাঁধা পড়ে রয়েছে। চলতি বছরেই ১০০ বছরে পা রাখতে চলেছে শরৎচন্দ্রের ‘পথের দাবী’। শতবর্ষের প্রাক্কালে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ফিরে দেখছে বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়কে, যেখানে শব্দ শুধু সাহিত্য ছিল না, ছিল প্রতিবাদের ভাষা। আসলে বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে দেখা গেছে, কিছু সাহিত্য বরাবরই সময়ের দলিল। তা জনগণের ভাষা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি। যা প্রকাশিত হওয়ার পর ইংরেজ শাসকদের ঘুম উড়ে গিয়েছিল। ব্রিটিশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই উপন্যাস। একশো বছর পর এবার সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক সৃজিত।
টিজারের শুরুতেই চমকে দিয়েছেন টোটা রায়চৌধুরী। পাক ধরা চুল, সাদা চোয়াল, বুদ্ধিদীপ্ত চোখ আর সাদা ধুতি–পাঞ্জাবিতে শরৎচন্দ্ররূপী টোটাকে মানিয়েছে অসাধারণ। অন্যদিকে বন্দুকধারী ‘সব্যসাচী’বেশে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে থাকছেন মিমি চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রমুখকে। এই ছবির মধ্য দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবেও হাতেখড়ি হতে চলেছে সৃজিতের। ছবির সঙ্গীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
আবহসঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। টিজারেই বোঝা যাচ্ছে এই ছবিতে মেকআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেই সৃজনশীল দিকটি পাকা হাতে সামলাবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু। ঐতিহাসিক চরিত্র এবং সাহিত্যের পরিচিত চরিত্রগুলোকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার গুরু দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে তাঁকে। চিত্রগ্রাহক ইন্দ্রনাথ মারিকের ক্যামেরায় বড় ক্যানভাসে ফুটে উঠবে ছবির সময়কাল, পরিবেশ, প্রেক্ষাপট।
শরৎচন্দ্র ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরে এগোবে ছবির কাহিনি।
প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং নন্দী মুভিজের ব্যানারে তৈরি এই ছবি নিয়ে যথেষ্টই আশাবাদী সৃজিত মুখার্জি। বললেন, আমার কাছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ হল এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হল কলম আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব এবং সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই বলবে এই ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর সময়ই মুক্তি পাবে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

প্রতিবেদন

Lopa Bhowmik