রাস্তার ধস মেরামত হয়নি, অবরোধ রঘুনাথচকে
সংবাদদাতা, রানিগঞ্জ: টানা বৃষ্টির পর ২০ ফুট গভীর গর্ত, তারপর ১৯ দিন কেটে গেলেও প্রশাসনের কোনও হেলদোল নেই। বাধ্য হয়ে বৃহস্পতিবার রানিগঞ্জের বল্লভপুর-মেদনীপুর রোড অবরোধ করে বিক্ষোভে নামলেন রঘুনাথচক দুষাদপাড়ার বাসিন্দারা।
উল্লেখ্য, গত মাসে টানা বৃষ্টির জেরে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচক দুষাদপাড়ায় প্রায় ১০০ বর্গফুট এলাকা ২০ ফুট গভীরে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই স্থানে ব্রিটিশ আমলে বেঙ্গল কোল কোম্পানির পুরনো খনি ছিল। অবৈজ্ঞানিকভাবে কয়লা তুলে বালি ভরাট না করায় ভূগর্ভ ফাঁপা হয়ে বারবার ধস নামছে। এর আগেও ২০২৩ সালের আগস্টে ষষ্ঠীতলা এলাকায় একই ঘটনা ঘটেছিল।
সবচেয়ে ভয়াবহ বিষয় হল, ধসস্থলের ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ঘন জনবসতি, আইসিডিএস কেন্দ্র ও স্কুল। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।
ঘটনার পর পুলিশ ব্যারিকেড করে দিলেও কয়লাখনি কর্তৃপক্ষ গর্ত ভরাটের কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সিআইটিইউ নেতা হেমন্ত প্রভাকর বিডিও ও পুলিশকে লিখিতভাবে জানালেও কাজ হয়নি।অবশেষে বৃহস্পতিবার ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসীদের। প্রায় আধঘণ্টা ধরে বল্লভপুর দিয়ে যাওয়া মেদনীপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের সাফ কথা, “আর কতদিন মৃত্যুকে সামনে নিয়ে বাঁচব? ভূগর্ভ যে কোনও মুহূর্তে আমাদের টেনে নিতে পারে।”
খবর পেয়ে বল্লভপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ ওঠে।গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত বালি ভরাট করে এলাকা সুরক্ষিত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এখন দেখার, রাস্তা অবরোধের পর প্রশাসনের ঘুম ভাঙে কি না।
