বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, পুরীতে ফেলা হল ৪ কুইন্টাল খাজা

19 September, 2026 5:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, পুরী:‌ এবার জগন্নাথ ধাম। খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে পুরীতে ফেলা গেল প্রায় ৪ কুইন্টাল খাজা। পুরীর মন্দিরে নীলমাধব দর্শন এবং খাজা কেনা যে কোনও পর্যটক–দর্শনার্থীর কাছেই একে অপরের পরিপূরক। ময়দা, ঘি, চিনি, জল আর সাদা তেলে তৈরি এই খাজা দেশে–বিদেশে সমান জনপ্রিয়। কিন্তু এই খাজা তৈরি করতে কি মানা হচ্ছে খাদ্য সুরক্ষা বিধি?‌ বিক্রি করা হচ্ছে কি নির্দিষ্ট নিয়ম মেনে?‌ এরকম বেশ কিছু বিষয় খতিয়ে দেখতেই খাদ্য সুরক্ষা দপ্তর হানা দিয়েছিল স্বর্গোদ্বারের কাছে একাধিক খাজার দোকানে। পুরী সিটি ডিএসপি রশ্মিরঞ্জন মহাপাত্র জানান, জগন্নাথ মন্দিরের মূল ফটকের লাগোয়া চারটি বড় দোকানে অভিযান চলে। এছাড়াও অভিযান চালানো হয় স্বর্গদ্বারের কাছের কয়েকটি দোকানেও। দেখা গেছে, নিম্নমানের উপাদান ব্যবহার করা হচ্ছিল খাজা তৈরিতে। বিন্দুমাত্র নজর দেওয়া হচ্ছিল না খাদ্য নিরাপত্তার দিকটিতে। ৪ কুইন্টাল খাজা নষ্ট করতে হয়েছে। চারটি দোকানকে পাঠান হয়েছে নোটিস। করা হয়েছে ৪৫ হাজার টাকা করে জরিমানা। জানা গেছে অভিযান চালানো হয় মূলত শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকায়।
ডিএসপি জানিয়েছেন, যে কাঠের পাটাতনে খাজা তৈরি করা হয়, সেখানে কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, খাজা তৈরিতে খারাপ মানের তেল ব্যবহার করা হচ্ছিল। যে রস ব্যবহার করা হচ্ছিল, সেটাও বহুদিনের পুরনো। কাঁচামালগুলি পাটাতনের ওপর খোলা অবস্থায় পড়ে ছিল। নিম্নমানের বেশ কিছু উপকরণ বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছে, বহুদিন ধরেই ভক্তদের চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রির অভিযোগ জমা পড়ছিল। তীর্থযাত্রীদের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। খাদ্য সুরক্ষা আধিকারিক বেদশ্রী সাহু জানান, যে পরিবেশে খাজা তৈরি হচ্ছিল, তা ক্রেতাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে পুরীর মন্দিরের আশপাশে ভক্তরা জগন্নাথের ঐতিহ্যবাহী প্রসাদ হিসেবে বিশ্বাস করে খাজা কেনেন। সেই জায়গায় এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি হওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
স্থানীয়দের দাবি, জগন্নাথের প্রসাদের সঙ্গে মানুষের আবেগ জুড়ে আছে। তাই এই ধরনের অস্বাস্থ্যকর খাজা বিক্রি রুখতে বছরভর অভিযান চালানো উচিত।

প্রতিবেদন

Lopa Bhowmik