খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান সুজিত–পুত্রের রেস্তোরাঁয়
সংবাদদাতা: এবার লেকটাউনে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর দুটি রেস্তোরাঁয় হানা দিল বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। অভিযানে উদ্ধার করা হয়েছে মজুত করে রাখা একাধিক খাবার–দাবার। জানা গেছে, কোথাও পাওয়া গেছে ছত্রাক ধরা মাংস, আবার কোথাও খোলা অবস্থায় রাখা ছিল মশলাপাত ও আইসক্রিমের প্যাকেট। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই সংরক্ষণ করে রাখা হয়েছিল মাংস, মাছ ইত্যাদি। সেগুলি বাজেয়াপ্ত করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
শুক্রবার লেকটাউনের মোট তিনটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এর মধ্যে ছিল সিমলা বিরিয়ানি এবং সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁ—চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা।
খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের অভিযোগ, চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবায় বিপুল পরিমাণ খাবার মজুত করে রাখা হয়েছিল। প্রায় ৫০ থেকে ৬০ কেজি মাংস এবং মাছ ফ্রিজের মধ্যে রাখা ছিল বলে দাবি আধিকারিকদের। অভিযোগ, ওই খাদ্যসামগ্রীগুলি বেশ কয়েকদিনের পুরনো। পাশাপাশি মশলা, ভিনিগার এবং আইসক্রিমের মতো জিনিসপত্র আঢাকা অবস্থায় পড়ে ছিল রেস্তোরাঁর ভেতরে।
অভিযানে বাজেয়াপ্ত করা সমস্ত খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
