বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মহিলা সাংবাদিককে ‘যৌন হেনস্থা’: এসিপি-র বিরুদ্ধে এফআইআর চেয়ে আটক ১৮

05 October, 2026 4:19 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: সপ্তাহের প্রথম কাজের দিনই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা ঘিরে তুমুল বিক্ষোভ। মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গত শনিবার। যন্তর মন্তরের সামনে জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং এসআইআর সংশোধনের দাবিতে বাম ছাত্র সংগঠন আইসা ও অন্যান্য সমাজিক সংস্থার আন্দোলনের খবর করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন এক মহিলা সাংবাদিক। তাঁর অভিযোগের তির ছিল দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের দিকে। সোমবার অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে দেওয়ার দাবি জানিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে শুরু হয় বিক্ষোভ। এদিন আচমকাই  জমায়েত করা বিক্ষোভকারী এবং সাংবাদিকদের কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটক হয়েছেন অভিযোগকারিণীও। বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছেন, একজন মহিলা যখন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ করেছেন, তখন স্বাভাবিক পদ্ধতি অনুযায়ী কেন অবিলম্বে এফআইআর দায়ের করা হচ্ছে না । বিক্ষোভকারীরা জানান, ঘটনার দিনই তাঁরা সিসিটিভি ফুটেজ চেয়ে থানায় গিয়েছিলেন, তাঁদের ২৪ ঘণ্টা পরে আসতে বলা হয়েছিল। আটক হওয়া বিক্ষোভকারীরাও সিসিটিভি ফুটেজ যথাযথভাবে খতিয়ে দেখার দাবি জানান । দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

শনিবার রাত থেকেই  অবশ্য পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে শুরু হয়েছিল বিক্ষোভ দেখানো। অন্যদিকে রবিবার অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ দেখায় ককরোচ জনতা পার্টি। এ প্রসঙ্গে সিজেপি নেতা সৌরভ দাস  জানিয়েছিলেন, অভিযোগকারিণীর সঙ্গে তাঁর আইনজীবী  থাকলেও পুলিশ কারও সঙ্গেই কথা বলতে চাইছে না। এরপরই  পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সৌরভ, সিপিএম নেত্রী বৃন্দা কারাট প্রমুখ। অভিযোগ, এতকিছুর পরেও পুলিশ অভিযুক্ত এসিপি-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি।

এদিকে মহিলা সাংবাদিকদের নিগ্রহের অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, যে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, সেই পুলিশের জন্যই মহিলারা অসুরক্ষিত বোধ করছেন। কলেজ পড়ুয়া থেকে সাংবাদিক— মহিলারা সব জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের সঙ্গে কি এই ধরনের আচরণ করতে হয় নরেন্দ্র মোদিজি, অমিত শাহজি ?”

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানা চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় । বিক্ষোভ সামাল দিতে থানার চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, অভিযোগগুলোর সংবেদনশীলতার কারণে মামলাটি পার্লামেন্ট স্ট্রিট থানা থেকে ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে । ক্রাইম ব্রাঞ্চের একটি দল ঘটনাস্থল ও তার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের ক্যামেরাবন্দি করা ভিডিও, মোবাইল রেকর্ডিং এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের রেকর্ড খতিয়ে দেখবে।

প্রতিবেদন

Lopa Bhowmik