উৎসবের মরশুমে হকারদের রোজগার কাড়বেন না, রাজ্যগুলিকে বার্তা মানবাধিকার কমিশনেরর
সংবাদদাতা, নয়াদিল্লি: প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য জরুরি পরামর্শ দিল জাতীয় মানবাধিকার কমিশন। বলা হয়েছে উৎসবের মরশুমে রাস্তার ধারের কোনও হকার বা ছোট ব্যবসায়ীকে অহেতুক সরিয়ে দেবেন না। বলা হয়েছে, নবরাত্রি বা দুর্গাপুজো, দীপাবলি, ছটপুজো, ওনাম উৎসব, দশেরার মতো বড় উৎসবগুলিতে রাস্তার ধারের হকার, ছোটখাটো বিক্রেতা, মৃৎশিল্পীসহ যাদের অর্থনীতি রাস্তায় বসে সামান্য বিক্রিবাট্টার সঙ্গে জড়িত রয়েছে, তাদের জীবনজীবিকা এবং মানবাধিকার সুরক্ষিত রাখতে হবে। গত বছর উৎসবের সময়ে দেশের বিভিন্ন শহরের হকার এবং স্থানীয় ছোট ব্যবসায়ীদের রাস্তার ধার থেকে সরিয়ে দেওয়া, তাঁদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা, জরিমানা করা এবং অকারণ হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছিল কমিশনের দপ্তরে। এই বিষয় নিয়ে কমিশনের সদস্য প্রিয়ঙ্ক কানুনগোর নেতৃত্বে মানবাধিকার কমিশন একটি বেঞ্চ গঠন করেছিল। সেই বেঞ্চই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে এবার সংশ্লিষ্ট রাজ্য এবং স্থানীয় প্রশাসনগুলিকে এই পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে উৎসবের আনন্দে মেতে গিয়ে হকার এবং স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদ করে তাদের জীবিকায় কোপ বসানো যাবে না। নিরাপত্তার কারণে কোনও জায়গা খালি করাতে হলে, সেখানকার বিক্রেতাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। ওই বিক্রেতাদের জিনিসপত্র যেন ইচ্ছামতো বাজেয়াপ্ত করা না-হয়, সে বিষয়েও নজর রাখতে হবে।
জানা গেছে, ইতিমধ্যেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে নিজেদের প্রস্তাব পাঠিয়েছে মানবাধিকার কমিশন। জেলশাসক, পুর কর্তৃপক্ষ, পুলিশসহ অন্য দপ্তরেও তাদের প্রস্তাব পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যগুলি এই বিষয়ে কী ব্যবস্থা নেবে, আগামী ১৮ অক্টোবরের মধ্যে তার একটি রিপোর্টও কমিশনের কাছে জমা দিতে হবে।
