বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ভুয়ো আইনজীবী পরিচয়ে ইসলামপুরে গ্রেপ্তার এক ব্যক্তি

29 September, 2026 6:23 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, ইসলামপুর: ভুয়ো আইনজীবী পরিচয়ে আদালত চত্বরে ঘোরাফেরা এবং বিচারপ্রার্থীদের প্রতারিত করার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন ইসলামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। আটক ব্যক্তির আসল পরিচয় গোপন করে দীর্ঘ দিন ধরে আদালতে আইনি পরিষেবা দেওয়ার নামে প্রতারণা চালাচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

পরবর্তীতে আইনজীবীরা ওই ব্যক্তিকে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় ও আদালত সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এক ব্যক্তি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে ইসলামপুর আদালত চত্বরে নিয়মিত ঘোরাফেরা করছিলেন। কালো কোট ও গাউন পরে তাঁকে প্রায় প্রতিদিনই আদালতের বিভিন্ন এজলাসের সামনে দেখা যেত। সহজ-সরল বিচারপ্রার্থীদের মামলা দ্রুত নিষ্পত্তি বা জামিন করিয়ে দেওয়ার নাম করে তিনি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতেন এবং তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ ওঠেন।

ওই ব্যক্তির আচরণ ও কাজকর্ম দেখে স্থানীয় কয়েকজন আইনজীবীর সন্দেহ হয়। ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের কাছেও এই বিষয়ে একাধিক গোপন অভিযোগ জমা পড়ে। পরিস্থিতি বিচার করে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ওই ব্যক্তির ওপর নজরদারি চালাতে শুরু করেন। এরপর মঙ্গলবার সন্দেহভাজন ওই ব্যক্তিকে আদালত চত্বরে ঘোরাফেরা করতে দেখে তাঁর পরিচয়পত্র দেখতে চান আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের নাম নথিভুক্তকরণ নথি ও প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে না পারায় তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। কথায় অসঙ্গতি ধরা পড়ায় আইনজীবীরা তাঁকে হাতেনাতে আটক করেন। ঘটনার খবর ছড়াতেই বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ ববি বলেছেন, “বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে আদালত চত্বরে ঘোরাফেরা করা এবং সাধারণ বিচারপ্রার্থীদের বিভ্রান্ত করার অভিযোগ আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আজ তাঁর পরিচয় যাচাই করা হয়। কোনও বৈধ প্রমাণপত্র দেখাতে না পারায় আমরা তাঁকে আটক করি।” আদালত চত্বরের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষায় আমরা সঙ্গে সঙ্গে ইসলামপুর থানার পুলিশকে খবর দিই। খবর পেয়ে দ্রুত ইসলামপুর থানার পুলিশ এসে পৌঁছয় এবং ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তিনি সত্যিই কোনও প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কি না এবং কতজন বিচারপ্রার্থীর থেকে টাকা হাতিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভুয়ো আইনজীবীদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

প্রতিবেদন

UTSAB RC