‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি…’ মুকেশকে তোপ ইলন মাস্কের
নিউ ইয়র্ক: ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই যে ভারতের আসল হর্তাকর্তা, তা বুঝতে পারিনি। সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।’—বিদ্রুপের ছলে মুকেশ আম্বানিকে নিশানা করলেন টেসলা কর্তা তথা আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। নেপথ্য কারণ স্টারলিঙ্ক। ভারতের বাজারে স্কারলিংয়ের প্রবেশাধিকার রুখে দিচ্ছে কিছু গোষ্ঠী এবং প্রভাবশালীরা। এই অভিযোগে সরব হয়েছেন ইলন।
এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে মার্কিন এই ধনকুবের মুকেশ আম্বানির উদ্দেশে লিখেছেন, ভারতের মহান জনগণের ওপর আপনার একচেটিয়া শোষণের বিষয়টি আপনি বজায় রাখতে চাইবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও, আপনি কি স্টারলিংককে প্রতিযোগিতায় আসার সুযোগ দেওয়ার কথা বিবেচনা করবেন? অন্য সব দেশের মতোই ভারতেরও অনেক অঞ্চল রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছোয়নি। ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশ্ববাজারে তাদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন না। স্টারলিংক তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে।’
স্টারলিঙ্ক হল ইলনের সংস্থা স্পেস এক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। ভারতে এই পরিষেবা চালু করার জন্য সংস্থাটি দীর্ঘদিন ধরে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। বর্তমানে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার জন্য কেন্দ্রের টেলিকম লাইসেন্স পেয়েছে তিনটি সংস্থা। সেগুলি হল স্টারলিঙ্ক, ভারতী গোষ্ঠী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনস। তবে লাইসেন্স থাকলেই পরিষেবা চালু করা যায় না। প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দ এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণও বাধ্যতামূলক।
এদিকে টেসলা কর্তার এই পোস্ট কার্যত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এই ইস্যুতেই মার্কিন ধনকুবেরকে এক হাত নিয়েছেন কমল হাসন। বলেছেন, ‘কোনও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী ভারতের নীতি নির্ধারণ করবে না।’ তিনি বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। কোনও উপনিবেশ নয়। আমাদের দেশ গোটা বিশ্বকে স্বাগত জানায়। কিন্তু দেশের ভবিষ্যৎ কী হবে, তা ঠিক করবেন শুধুমাত্র ভারতীয়রাই।
