জমা জল ও বেহাল রাস্তার জেরে নাজেহাল বাসিন্দারা, নিশ্চিন্দায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্ক
সংবাদদাতা, হাওড়া: জলযন্ত্রণায় হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা। নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল রাস্তার জেরে জনজীবন বিপর্যস্ত। ১৯২ এবং ১৯৫ নম্বর বুথের বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে রাস্তার ওপর জমে রয়েছে নর্দমার নোংরা জল। জমা জলে তৈরি হচ্ছে তীব্র দুর্গন্ধ। পাশাপাশি মশার অত্যাচারেও অতিষ্ঠ এলাকাবাসী।
প্রতিদিন দুর্গন্ধযুক্ত জল পেরিয়েই কাজে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। স্কুলে যেতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এলাকাবাসীদের আশঙ্কা, দীর্ঘদিনের এই জমা জলে ডেঙ্গির মশার লার্ভা তৈরি হচ্ছে। ফলে এলাকায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ভয় থাকছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিকাশি নালা উপচে সেই নোংরা জল সোজা ঢুকে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের ভেতর। সেই জলমগ্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই শিশুদের নিয়ে ঝুঁকি নিয়ে কেন্দ্রটি চলছে। অভিভাবকদের প্রশ্ন, এই বিষাক্ত পরিবেশে কীভাবে শিশুদের পড়াশোনা আর খাবারের ব্যবস্থা করা সম্ভব। কোনো বড় বিপদ ঘটলে তার দায় কে নেবে? বাসিন্দারা আরও জানান, পঞ্চায়েতে বারংবার জানানোর পর মাঝে মধ্যে প্রশাসনের তরফ থেকে সাময়িক কিছু পদক্ষেপ নেওয়া হয়। হয়তো পাম্প চালিয়ে কিছুটা জল বের করা হল বা নামমাত্র নর্দমা পরিষ্কারের কাজ। কিন্তু কোনো স্থায়ী সমাধান মেলে না। ফলে সামান্য বৃষ্টি হলেই বা কয়েকদিন যেতে না যেতেই ফের দেখা দেয় সেই পুরনো ও বিভীষিকাময় চিত্র।
এই চরম অব্যবস্থার মাঝে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিও। বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁদের নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে এলাকায় নিয়মিতভাবে দেখা যায় না। বাসিন্দাদের দুর্ভোগের খোঁজ নেওয়া তো দূরের কথা, প্রয়োজনের সময়েও তাঁকে পাশে পাওয়া যায় না বলে সাধারণ মানুষের অভিযোগ। এলাকার এক প্রবীণ বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, রাস্তার বেহাল দশা, নর্দমার নোংরা জল, মশার দাপট আর পঞ্চায়েতের নিষ্ক্রিয়তা—সব মিলিয়ে আমরা নাজেহাল। বাচ্চাগুলোর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়া বন্ধ হওয়ার মুখে। আমরা তো বড় কোনো দাবি করছি না, কেবল সুস্থভাবে বাঁচার অধিকার আর একটা ভালো রাস্তার দাবি জানাচ্ছি। সব মিলিয়ে রাস্তার বেহাল দশা, জমা নোংরা জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের করুণ হাল এবং প্রশাসনের দীর্ঘদিনের অনীহা নিশ্চিন্দার এই দুই বুথে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এখন দেখার, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন অবিলম্বে এই বেহাল দশা দূর করে স্থায়ী নিকাশি ব্যবস্থার উদ্যোগ নেয়, নাকি বাসিন্দাদের এই জল-যন্ত্রণাকে সঙ্গী করেই দিন কাটাতে হয়।
