প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন জেলা পরিষদ সদস্যের স্বামী
সংবাদদাতা, পাটনা: প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হলেন বিহারের সীতামারি জেলার দুমরা থানা এলাকার জেলা পরিষদ সদস্যের স্বামী। মৃতের নাম বৈদ্যনাথ মাহাতো। শনিবার সকালে এই ঘটনা ঘটে মিশরাউলিয়া পঞ্চায়েতের কেথারিয়া রামপট্টি গ্রামে। অভিযোগ, দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর আট রাউন্ড গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মারা যান বৈদ্যনাথ। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশের ওপর হামলা চালায় এলাকার বাসিন্দারা। ছোড়া হয় ইট, পাথর। হামলায় গুরুতর জখম হন জেলা পুলিশ সুপার অমিত রঞ্জন এবং ট্র্যাফিক থানার ইনস্পেক্টর প্রশান্ত কুমার। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী আনা হয়।
জেলা পরিষদের ১৩ নম্বর এলাকার সদস্য খুশদিল দেবীর স্বামী বৈদ্যনাথ মাহাতো। প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু মাঝরাস্তায় তাঁকে ঘিরে ধরে আততায়ীরা। দুষ্কৃতীরা দু’টি মোটরবাইক নিয়ে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি চালায় বৈদ্যনাথকে লক্ষ্য করে।
এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা দুমরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ২৮ আগস্ট রাতেও বৈদ্যনাথের বাড়ির সামনে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
