বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বাগডোগরায় ‘সেবা মেরা যোগদান’ কর্মসূচিতে মন্ত্রী দিলীপ ঘোষ

19 September, 2026 4:47 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: ‘সেবা মেরা যোগদান, স্বচ্ছতাই সেবা—দেশের জন্য, সমাজের জন্য’—এই বার্তাকে সামনে রেখে শনিবার উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর চত্বরে আয়োজিত হলো একগুচ্ছ সামাজিক ও সেবামূলক কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে যে একমাসব্যাপী পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে,এদিন তার অংশ হিসেবে বাগডোগরায় আয়োজিত হয় এই স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি।বাগডোগরা বিমানবন্দরের পার্কিং লট এলাকায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দেন এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পঞ্চায়েত দফতরের এমআইএস শান্তনু প্রামাণিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পরপরই সরাসরি কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বার্তা ছড়িয়ে দিতে নিজেই হাতে ঝাড়ু তুলে নিয়ে বিমানবন্দর চত্বর পরিষ্কার করেন তিনি। এর পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং গাছে জল দেন। উপস্থিত সাধারণ মানুষ ও প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য। অনুষ্ঠান মঞ্চ থেকে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ অবদানের জন্য তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিমানবন্দর চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণের সুবিধার্থে এদিন আনুষ্ঠানিকভাবে চারটি বিশেষ জঞ্জাল সাফাই গাড়ির উদ্বোধন করা হয়। সমগ্র আয়োজনটির মূল লক্ষ্যই ছিল সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। বাগডোগরার কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর মন্ত্রী দিলীপ ঘোষ সরাসরি রওনা দেন উত্তরকন্যার উদ্দেশ্যে। সেখানে দার্জিলিং ও কালিম্পং—এই দুই পাহাড়ি জেলার প্রশাসনিক কাজকর্ম ও সার্বিক উন্নয়ন নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে দুই জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা প্রকল্পের অগ্রগতি, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ এবং সরকারি পরিষেবা বন্টনের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। উত্তরকন্যায় শেষে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে মন্ত্রী দিলীপ ঘোষের। পাহাড়ি অঞ্চল দার্জিলিং ও কালিম্পং জেলার বকেয়া উন্নয়নমূলক কাজ, নতুন প্রকল্প ঘোষণা এবং প্রশাসনিক বৈঠকে আলোচিত সিদ্ধান্তসমূহ নিয়ে মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

প্রতিবেদন

Lopa Bhowmik