এবার ডিজিটাল টিকিটের মাধ্যমে তারাপীঠে মা তারার VIP দর্শন
সংবাদদাতা, বীরভূম: আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে তারাপীঠ মন্দিরে আজ থেকে চালু হল ডিজিটাল VIP কুপন ব্যবস্থা। নতুন এই ব্যবস্থায় নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারবেন ভক্তরা।
এতদিন মা তারার VIP দর্শনের জন্য ৫০০ টাকার কাগুজে কুপন সংগ্রহ করতে হতো। এবার সেই প্রক্রিয়ায় বদল এনে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পরই এই নতুন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইনে VIP টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় অনুযায়ী টাইম স্লট বুকিংয়ের ব্যবস্থাও চালু করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
মন্দির কর্তৃপক্ষের দাবি, ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমার পাশাপাশি VIP দর্শনের ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও বাড়বে। বিশেষ করে কৌশিকী অমাবস্যার মতো ভিড়ের সময়ে এই ব্যবস্থা ভক্তদের জন্য যথেষ্ট সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। নতুন পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।
