একসঙ্গে ২১টি প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী চারু পাল
সংবাদদাতা, মালদা: পুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই দুর্গাপ্রতিমা তৈরির কাজে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের। মালদার হবিবপুর ব্লকের বক্সি নগর লালচাঁদপুরে ‘নির্মলা শিল্পালয়ে’ পরিবারের সদস্যদের নিয়ে একুশটি দুর্গাপ্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী চারু পাল। তাঁর তৈরি প্রতিমায় যেমন থাকছে সাবেকিয়ানার ছোঁয়া, তেমনই ফুটে উঠছে পৌরাণিক ভাবধারা ও বিভিন্ন দেবীরূপের বৈচিত্র্য। হবিবপুরের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে পাড়ি দেবে তাঁর তৈরি প্রতিমা।
চারু পাল জানান, ইতিমধ্যেই একুশটি প্রতিমার বরাত পেয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে স্ত্রী, মেয়ে-সহ পরিবারের সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। ছোটবেলায় ভেলু চরণ পালের কাছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ শেখেন চারু পাল। পরবর্তীতে মালদার শিল্পী রাজকুমার পণ্ডিতের কাছে প্রায় দশ বছর প্রশিক্ষণ নেন। পরে নিজের শিল্পালয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করেন।
বর্তমানে খড়ের কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি দেওয়া, রং করা এবং প্রতিমার সাজসজ্জার কাজে ব্যস্ত চারু পাল ও তাঁর পরিবারের সদস্যরা। শিল্পীর নিপূণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মৃন্ময়ী মাতৃ প্রতিমা চিন্ময়ী হয়ে উঠবেন। বললেন, পুজোর আগেই তাঁর তৈরি প্রতিমাগুলি বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাবে। সেই লক্ষ্যেই এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন চারু পাল ও তাঁর পরিবার।
