মাঠ নিয়ে আপত্তি ছিল, যুবভারতীতে কি হবে ভারত-ব্রাজিল ম্যাচ?
সংবাদাদাতা, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ নিয়ে প্রাথমিকভাবে অসন্তোষ প্রকাশ করেছিল ব্রাজ়িলের প্রতিনিধি দল। মাঠ এবং ঘাসের মান নিয়ে তাঁদের আপত্তি ছিল স্পষ্ট। তবে এবার সেই পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে—ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখন কলকাতার মাঠ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলের রিপোর্ট পাওয়ার পর কলকাতার মাঠ নিয়ে আর কোনও আপত্তি জানাননি সিবিএফ কর্তারা।
আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজ়িলের মুখোমুখি হবে ভারত। বিশ্বের সেরা ফুটবলারেরা কেমন মাঠে খেলবেন, সাজঘর ও অনুশীলনের পরিকাঠামো, থাকা-খাওয়া বা যাতায়াতের ব্যবস্থা—সবকিছু খতিয়ে দেখতে অগস্টের মাঝামাঝি কলকাতায় এসেছিল সিবিএফের প্রতিনিধি দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং আইএফএ প্রতিনিধিদের নিয়ে গোটা পরিকাঠামো পরিদর্শন করেন তাঁরা, এবং বেশ কিছু বিষয়ে পরিবর্তনের পরামর্শও দেন। যুবভারতীর ঘাসের মান ও ঘনত্ব খতিয়ে দেখার পাশাপাশি অনুশীলনের মাঠ নিয়ে তাঁদের অসন্তোষের কথাও গোপন করেননি সেই সময়।
দ্রুত পরিচর্যায় বদলে গেল ছবি
ব্রাজ়িলের প্রতিনিধি দলের পরামর্শ অনুযায়ী নিয়মিত মাঠের পরিচর্যা শুরু করে যুবভারতী কর্তৃপক্ষ, যার ফলে মাঠের সামগ্রিক মানে লক্ষণীয় উন্নতি দেখা গিয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটিকে সিবিএফের এক প্রতিনিধি জানিয়েছেন, মাঠ নিয়ে তাঁদের আর কোনও আপত্তি নেই এবং যেভাবে দ্রুত মাঠের উন্নতি হয়েছে, তাতে তাঁরা সন্তুষ্ট। এই খবর নিঃসন্দেহে স্বস্তি দেবে ফুটবলপ্রেমীদের।
নিশ্চিত হল ৩ অক্টোবরের ম্যাচ
যুবভারতীর মাঠ নিয়ে ব্রাজ়িল সন্তুষ্ট হওয়ায় ৩ অক্টোবরের ম্যাচ নিয়ে আর কোনও সংশয় রইল না। শক্তিশালী দল নিয়েই ভারতে আসছে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজ়িল, আর এটাই হতে চলেছে তাদের প্রথম ভারত সফর।
ভারত সফরে ব্রাজ়িল দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিয়ো
ডিফেন্ডার: আর্তুর দিয়াস, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কুইনোস, মাতেউজ়িনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রেই স্যান্টোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারেস, দানিলো, ডগলাস লুইস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: এনড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র
