বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

৫৬ বছরেই চার দশকের যাত্রা শেষ, প্রয়াত অভিনেতা মুশতাক খান

25 September, 2026 12:35 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই: ফের নক্ষত্রপতন ভারতীয় বিনোদন জগতে। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও ধারাবাহিকের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা মুশতাক খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। জানা গিয়েছে, শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ICU-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার আচমকা প্রয়াণের খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন দুনিয়ায়।

বিগত কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্র, নাটক ও টেলিভিশনের পর্দায় সমান দাপটে কাজ করেছেন মুশতাক খান। বিশেষত চরিত্রাভিনেতা হিসেবে তাঁর স্বতন্ত্র অভিনয়শৈলী এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছিল। ২০০১ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’-য় ‘গুল খান’ চরিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয়। দুই দশক পর, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েল ‘গদর ২’-তেও একই চরিত্রে ফিরে দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তাঁর দীর্ঘ কর্মজীবনে উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ (১৯৯৩), ‘রাজা’ (১৯৯৫), ‘জোড়ি নম্বর ১’ (২০০১), ‘মুঝসে শাদী করোগী’ (২০০৪), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘ওয়ান্টেড’ (২০০৯), ‘ও মাই গড!’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮) এবং ‘স্ত্রী ২’ (২০২৪)-এর মতো ছবি। জীবনের শেষ পর্যায় পর্যন্ত অভিনয়ে সমানভাবে সক্রিয় ছিলেন এই গুণী শিল্পী। সাম্প্রতিক সময়ে ‘জাত’, ‘ধুম ধাম’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘উগ্রপুর ফাইলস’, ‘অন্বেষণ’-এর মতো প্রজেক্ট এবং জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তেও তাঁকে কাজ করতে দেখা গিয়েছে।

আনিস বাজমির ২০০৭ সালের সুপারহিট কমেডি ছবি ‘ওয়েলকাম’-এ ‘বল্লু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রবীণ অভিনেতা মুশতাক খান। গ্যাংস্টার উদয় শেট্টির (নানা পাটেকর) অনুচর হিসেবে পর্দায় তাঁর বলা বিখ্যাত সংলাপ — “মেরি এক টাং নকিল হ্যায়, মে হকি কা বহুত বড়া খিলাড়ি থা” — আজও দর্শকমনে অমলিন হয়ে আছে। বৃহস্পতিবার ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট অভিনেতা। তাঁর মৃত্যুর পর ফের আলোচনায় উঠে এসেছে জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা। ‘ওয়েলকাম’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেও প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা তাঁকে প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক দেননি বলে অভিযোগ। অতিরিক্ত দিন শুটিং করা সত্ত্বেও তাঁকে মাত্র ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। গত বছর এক সাক্ষাৎকারে এই ক্ষোভের কথা জানিয়েছিলেন মুশতাক খান। তাঁর বক্তব্য ছিল, চুক্তি সইয়ের সময় ২০-২৫ দিনের শুটিংয়ের কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী পারিশ্রমিক ঠিক হয়েছিল। কিন্তু পরে আরও ২৫-৩০ দিন অতিরিক্ত কাজ করানো হলেও তাঁর পারিশ্রমিক এক টাকাও বাড়ানো হয়নি। এমনকি ছবির মূল তারকা অক্ষয় কুমারের ব্যক্তিগত স্টাফরাও দৈনিক চুক্তিতে কাজ করে তাঁর চেয়ে বেশি উপার্জন করেছিলেন বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। উল্লেখ্য, এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত এবং ফিরোজ খানের মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন। এমন তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও ২০১৫ সালে আনিস বাজমির সিক্যুয়েল ছবি ‘ওয়েলকাম ব্যাক’-এ ফের নিজের পুরনো ‘বল্লু’ চরিত্রেই অভিনয় করেছিলেন মুশতাক খান। যদিও এই সিক্যুয়েল প্রথম ছবির মতো বক্স অফিসে ততটা সাফল্য পায়নি।

মুশতাক খানের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন তাঁর ‘গদর’-খ্যাত সহ-অভিনেতা সানি দেওল। তিনি মুশতাক খানকে স্মরণ করে বলেছেন, তিনি ছিলেন “একজন চমৎকার মানুষ এবং দক্ষ অভিনেতা”, এবং তাঁর সঙ্গে কাজ করার “সুন্দর স্মৃতি” রয়েছে তাঁর। অন্যদিকে, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মুশতাক খানের একটি ছবি পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা রাজপাল যাদব। ওই দিনই হাসপাতালে গিয়ে মুশতাক খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। হিন্দিতে লেখা পোস্টে রাজপাল জানান, সেদিন দুপুরে তিনি মুশতাক ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কথা বলেছিলেন। মুশতাক তাঁকে দেখে হাত মিলিয়েছিলেন এবং তাঁদের সব কথাবার্তা শুনে প্রতিক্রিয়াও জানাচ্ছিলেন। রাজপাল লেখেন, দু’ঘণ্টা আগে যাঁর সঙ্গে দেখা হয়েছিল, হাত মিলিয়েছিলেন, তিনি যে আর নেই— এটা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। সকলেই ঈশ্বরের সিদ্ধান্তের কাছে নতজানু বলে মন্তব্য করে রাজপাল আরও লেখেন, মুশতাক ভাই ছিলেন, আছেন এবং চিরকাল একজন জনপ্রিয় মানুষ ও অভিনেতা হিসেবেই থেকে যাবেন। ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানান তিনি।

কৌতুকের দৃশ্য হোক বা গম্ভীর কোনও চরিত্র — স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে বরাবর সিনেমাকে ভিন্ন এক মাত্রা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম বিশ্বস্ত ও চেনা মুখ ছিলেন মুশতাক খান। তাঁর এই আকস্মিক প্রয়াণে হিন্দি সিনেমা হারাল এক অসামান্য চরিত্রাভিনেতাকে, যাঁর কাজ ও অভিনয় চিরকাল সিনেমাপ্রেমীদের মনে অমলিন হয়ে থাকবে।

প্রতিবেদন

UTSAB RC