বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ব্যাকস্টেজ ডায়রি-তে এক নাটককারের যাপন

21 September, 2026 8:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

 শুভাশিস রায়চৌধুরী

বসিরহাট সাত্ত্বিকের আয়োজনে শিল্পায়ন স্টুডিও থিয়েটারের দীপা ব্রহ্ম মঞ্চে হল এক অভিনব সেমিনার। লাইভ পডকাস্ট আকারের এই সেমিনারের শিরোনাম ছিল— ব্যাকস্টেজ ডায়রি। সেমিনারে সাত্ত্বিকের কর্ণধার চন্দন মুখোপাধ্যায়ের মুখোমুখি হন বাংলার অন্যতম জনপ্রিয় নাটককার, নির্দেশক গোবরডাঙা শিল্পায়নের আশিস চট্টোপাধ্যায়। এদিন হল ভর্তি মানুষ শুনলেন আশিস চট্টোপাধ্যায়ের চার দশকেরও বেশি সময় ধরে নাট্য যাপনের কথা। যদিও তাঁর এই দীর্ঘ পথ চলাকে ছোট্ট পরিসরে ধরা সম্ভব নয়, তবু তার একটা ঝলক পেলেন উপস্থিত দর্শক শ্রোতা। চন্দন যখন প্রশ্ন করেন ‘দর্শক তো সামনের পর্দাটাই দেখে, পেছনের অন্ধকারের বসে থাকা আশিস চট্টোপাধ্যায় একজন নাট্যনির্দেশক হিসেবে নিজেকে কখন থেকে ব্যাকস্টেজ আর্টিস্ট বলতে শুরু করলেন?’ আশিস তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, তিনি আসলে নিজেকে মনে করেন নাটকের একজন মিস্ত্রি,যিনি মঞ্চের পেছনে বসে আলো, শব্দ, প্রপস দিয়ে একটা ঘর বানান। যেখানে অভিনেতা – অভিনেত্রীরা এসে স্বপ্ন দেখে। দর্শক অভিনয় দেখে যখন হাততালি দেয়, তার প্রথম অভিঘাতটা এসে লাগে ব্যাকস্টেজের ছেলেটার গায়ে। এটা যেদিন তিনি বুঝতে পারলেন সেদিন থেকেই নিজেকে ব্যাকস্টেজ আর্টিস্ট মনে করতে শুরু করলেন। পরের প্রশ্নটা ছিল একজন নির্দেশকের কাছে— ‘মঞ্চে কোনও অভিনেতা অভিনেত্রীর হঠাৎ ইউ মিস হলে মঞ্চের পেছনে আপনার প্রতিক্রিয়া কী হয়?’ এর এক চমৎকার উত্তর দেন আশিস। বলেন মঞ্চে আলো থাকলেও নির্দেশকের বুকের মধ্যে নেমে আসে অন্ধকার। এভাবেই এগোতে থাকে সেমিনার। যেখানে উঠে আসে দীপা ব্রহ্ম মঞ্চ নির্মাণের পেছনে লুকিয়ে থাকা এক জেদের গল্প। মঞ্চে ঘটে যাওয়া কোনও টেকনিক্যাল ভুল আসলে টাইমিংয়ের ভুল,  মঞ্চে ভুল বোঝাবুঝির থেকে একে মঞ্চে ঘটে যাওয়া এক প্রেম আর ঝগড়া বলতেই পছন্দ করেন আশিস। তাঁর এই দীর্ঘ পথ চলায় কীভাবে বিভিন্ন বাধাবিপত্তিকে সামলেছেন এবং এগিয়ে গেছেন তার গল্পকে এক ঘরোয়া আড্ডায় তুলে ধরেন তিনি। সব শেষে লালনের গানের কথার মধ্যে দিয়ে এক অমোঘ দর্শনের কথা উঠে আসে। যা সব শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। তা হল, সব শিল্প শিক্ষাই আসলে গুরুমুখী শিক্ষা। নতুন প্রজন্মের যারা নাটক করতে আসছেন তাঁদের কাছে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যা এক নাটককারের পথ চলার জীবন্ত দলিল হিসেবে আর্কাইভে ঠাঁই পাওয়ার যোগ্য।

প্রতিবেদন

Lopa Bhowmik