বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

অণ্ডালে ধারালো অস্ত্রের কোপে মহিলা খুন, গ্রেপ্তার ‘প্রেমিক’, সম্পর্কের টানাপোড়েন, নাকি অন্য কোনও কারণ?

15 October, 2026 3:23 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, অণ্ডাল: সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি খুন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? অণ্ডালের উখড়ায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কোপ মেরে খুনের ঘটনায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনার খবর বৃহস্পতিবার সকালে সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম চান্দা সিং (৪৬)। অভিযুক্ত প্রেম মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেছেন মৃতার আত্মীয় বিট্টু সিং। তাঁর বক্তব্য, চান্দা সিং ও প্রেম মণ্ডল একসঙ্গেই থাকতেন। বুধবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই বচসার মধ্যেই পরিস্থিতি চরমে পৌঁছায়। অভিযোগ, এরপরই ধারালো অস্ত্র দিয়ে চান্দা সিংয়ের গলায় কোপ মারে প্রেম মণ্ডল। রক্তাক্ত অবস্থায় মহিলার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। শেষ পর্যন্ত প্রেম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, উখড়া বাজারে তাঁদের একটি মাংসের দোকান রয়েছে।

তবে ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সম্পর্কের টানাপোড়েনই কি এই খুনের কারণ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ।

কেন এই খুন? কী নিয়ে শুরু হয়েছিল বচসা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ধৃত প্রেম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ ও ঘটনার পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

প্রতিবেদন

Sandipan Saha