বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

আজ রাজ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরাপত্তার ঘেরাটোপে পুজোর শহর, একাধিক নির্দেশিকা কলকাতা পুলিশের

17 October, 2026 11:40 AM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে শনিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহর ও শহরতলির একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখার কথা তাঁর। শহরের নির্দিষ্ট এলাকায় ড্রোন, বেলুন, গ্লাইডার-সহ সব ধরনের ছোট আকাশযান ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যাতায়াতের পথের চারপাশে তিন কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে ‘নো ড্রোন জোন’ ও ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। সপ্তমীতেই বেলুড় মঠ পরিদর্শন করবেন তিনি। তারপর হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবে যাবেন তিনি। কলকাতার কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করার কথা অমিত শাহের। তাঁর এই সফরের সম্পূর্ণ দায়িত্ব পেয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো সফরের জন্য আলাদা করে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। ১৭ অক্টোবর বিকেল ৪টে থেকে ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অমিত শাহ যে সব এলাকায় থাকবেন, সেখানে কড়া নিরাপত্তা বলয় তৈরি করবে পুলিশ। মাটি থেকে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত কোনও ড্রোন, বেলুন গ্লাইডার ওড়ানো যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারায় এই নির্দেশ জারি হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশিকায় সম্ভাব্য হামলা ও নাশকতার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭ ও ১৮ অক্টোবর দু’দিন পশ্চিমবঙ্গে থাকবেন অমিত শাহ। এই দু’দিন আলিপুরের ‘সৌজন্য’ এবং শোভাবাজার রাজবাড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। শনিবার সন্ধে ৮টা নাগাদ ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতা থেকে আমেদাবাদে রওনা দেবেন অমিত শাহ।

প্রতিবেদন

UTSAB RC