আসানসোলের জল সংকট, সুবিশাল জল প্রকল্পের শিলান্যাস মন্ত্রী অগ্নিমিত্রার
সংবাদদাতা, আসানসোল: আসানসোল পুরনিগম এলাকায় পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা মেটাতে নাকড়াসোতা এলাকায় একটি সুবিশাল পানীয় জল প্রকল্পের ওভারহেড রিজার্ভারের শিলান্যাস করা হয়। এই মেগা প্রকল্পের অধীনে নাকড়াসোতার পাশাপাশি আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় আরও ৮টি জলাধারের শিলান্যাস করা হয়। রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আসানসোল পুররনিগমের ব্যবস্থাপনায় সমগ্র প্রকল্পটি বাস্তবায়িত হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ প্রশাসনিক ও পুরনিগমের শীর্ষ আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গেছে, এই সমগ্র জলপ্রকল্পটি তৈরি করতে মোট ২২ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আসানসোলের একাধিক ওয়ার্ডে গরমের সময় পানীয় জলের ঘাটতি দেখা দিত। নতুন এই ৯টি রিজার্ভার তৈরি হয়ে গেলে জল সরবরাহ ব্যবস্থা অনেক বেশি মসৃন হবে। পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ঘরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এই প্রকল্পের মাধ্যমে আসানসোল পুর এলাকার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রাথমিক লক্ষ্য। স্থানীয় বাসিন্দারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সময়সীমা মেনে দ্রুত কাজ শেষ করে প্রকল্পটিকে সম্পূর্ণরূপে চালু করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
