মাঝরাতে মাটির দেওয়াল ধসে ঝাড়গ্রামে মৃত্যু স্বামীর, গুরুতর আহত স্ত্রী
সংবাদদাতা, ঝাড়গ্ৰাম: গভীর রাতে মাটির বাড়ির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিপিন সিং। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। আচমকাই মাটির দেওয়ালের একটি অংশ ভেঙে তাঁদের উপর পড়ে যায়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বিপিন। তাঁর স্ত্রীও গুরুতর আহত হন। শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাঁকরাইল থানায় খবর দেন। পুলিশ ও গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত মহিলাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে, দেওয়ালের নীচে আটকে থাকা বিপিনকে উদ্ধার করতে জেসিবি আনা হয়। বেশ কিছুক্ষণ ধরে অভিযান চালানোর পর ধ্বংসস্তূপ থেকে তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয়দের অনুমান, টানা বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের জন্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
