শিলিগুড়ি জংশনে রেলের উচ্ছেদ নোটিশ, পুনর্বাসনের দাবিতে পথে ব্যবসায়ীরা

সংবাদদাতা, শিলিগুড়ি: রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিলিগুড়ি রেলওয়ে জংশন এলাকায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের পক্ষ থেকে জারি করা নোটিশে ১৫ দিনের মধ্যে জংশন সংলগ্ন রেলের জমির দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি জংশন এলাকার ছোট-বড় ব্যবসায়ী, চায়ের দোকানদার ও হকাররা ব্যবসা বন্ধ রেখে কর্মবিরতিতে শামিল হন। আকস্মিক এই নোটিসে প্রায় ২০০টি ব্যবসায়ী পরিবারের ভবিষ্যৎ ও জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে।
ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘ কয়েক দশক ধরে এই ব্যবসার ওপর নির্ভর করেই তাঁদের সংসার চলছে। রেলের উন্নয়নমূলক কাজে আপত্তি না থাকলেও, পর্যাপ্ত পুনর্বাসন ও বিকল্প জায়গার ব্যবস্থা ছাড়া উচ্ছেদ মেনে নেওয়া হবে না। উচ্ছেদ করা হলে ২০০টি পরিবার চরম আর্থিক সঙ্কটে পড়বে বলে তাঁদের আশঙ্কা। সমস্যার সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীরা কাটিহার ডিভিশনের ডিআরএম-এর সঙ্গে দেখা করতে চাইলেও বৃহস্পতিবার তা সম্ভব হয়নি। এরপর তাঁরা স্থানীয় বিধায়ক, মন্ত্রী তথা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপর আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। উপযুক্ত সমাধান ও পুনর্বাসনের দাবিতে আগামী দিনে প্রশাসনের দুয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্বেগে থাকা শিলিগুড়ি জংশনের ব্যবসায়ীরা।
