উৎসবের মরশুমে আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া, একই পথে হাঁটছে ট্রেন এবং বাস

সংবাদদাতা, কলকাতা: এখন ভরপুর উৎসবের মরশুম। দুর্গাপুজো শেষ হলেও সামনে ছট, দেওয়ালি, কালীপুজো, ধনতেরাস। সব মিলিয়ে উৎসবময় একটা মাস। এই উপলক্ষে সারা বছর যাঁরা কাজেকর্মে অন্য রাজ্যে বা বিদেশে থাকেন, তাঁরা ঘরে ফেরার জন্য অপেক্ষা করছেন। ঠিক এই আবহেই বিমানভাড়া আকাশ ছুঁয়ে ফেলল। পরিস্থিতি এতটাই খারাপ যে, দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার জন্য ১১ হাজারের বিমান টিকিট এখন যাত্রীদের কিনতে হচ্ছে ৭৮ হাজার থেকে ৮০ হাজার টাকায়! ভাড়ার এই বিরাট লাফ শুধু দিল্লি-কলকাতা রুটেই নয়, বরং দেশের প্রায় সব রুটকেই ছুঁয়ে দিয়েছে। ৮ নভেম্বর দীপাবলি। এই উপলক্ষে ৬ নভেম্বর দিল্লি-কলকাতা রুটের বিমান টিকিটের দাম হয়েছে ৭৮, ৬৯৪ টাকা। সাধারণত, এই টিকিটের দাম থাকে ১০ হাজার থেকে ১১ হাজার টাকা।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শুধু বিমানই নয়, উৎসবের আবহাওয়ায় দূরপাল্লার যে কোনও যানবাহনের ভাড়া বেড়েছে ২ থেকে ৭ গুণ। বিমানের মতো আকাশ ছোঁয়া না হলেও মাত্রা ছাড়িয়েছে ট্রেন এবং দুরপাল্লার বাসের ভাড়াও। তবে এটাও ঠিক যে, এই ভাড়া যে কোনও সময় পরিবর্তিত হতে পারে। এর সঙ্গে কোন ক্লাসে যাত্রা করা হচ্ছে বা কোন আসন নির্বাচন করা হচ্ছে তার ওপরও নির্ভর করছে ভাড়ার ওঠানামা।
