মহিলা চিকিৎসককে মারধর, বাগুইআটিতে গ্রেপ্তার প্রাক্তন স্বামী

সংবাদদাতা, কলকাতা: মহিলা চিকিৎসকের ওপর হামলা। অভিযোগের তির প্রাক্তন স্বামীর দিকে। তাকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতের নাম শঙ্করপ্রসাদ গিরি । বাড়ি বাঁশদ্রোণী এলাকায়। জানা গেছে, তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। পুলিশ সূত্রে খবর, ২০১২ সালে ওই মহিলা চিকিৎসকের সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্তের। তাঁদের একটি ১২ বছরের ছেলেও রয়েছে। শঙ্করের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাঝে মধ্যেই স্ত্রীকে মারধর করতেন। চলতি মাসেই স্ত্রীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয় তার। বর্তমানে বাগুইআটিতে থাকেন মহিলা চিকিৎসক। ছেলের কথা ভেবে শঙ্করকে তিনি বাগুইআটির একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ, ছেলে বাবার কাছে থাকে।
অভিযোগ, বুধবার রাতে ছেলেকে পড়ানোর জন্য মহিলা চিকিৎসক শঙ্করের ফ্ল্যাটে যান। অভিযোগ, সেই সময়ে শঙ্করপ্রসাদ তাঁকে আক্রমণ করেন। ছুরি নিয়ে চড়াও হন বলেও অভিযোগ। চিকিৎসকের মাথার চুলও ছিঁড়ে নেন। কোনওক্রমে রাস্তায় বেরিয়ে এসে চিৎকার করতে থাকেন মহিলা। তখনই অন্য ফ্ল্যাটের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে গ্রেপ্তার করে শঙ্করপ্রসাদ গিরিকে।
