ফের স্পেনে হাইস্পিড ট্রেনে দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩৯

মাদ্রিদ: মাত্র ৯ মাসের মধ্যে আবার! ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে। দুটি হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৩৯ জন যাত্রীর। আহত অসংখ্য। বুধবার সকালে সে দেশের মধ্যাঞ্চলে টোলেডো প্রদেশের মোরা এবং ওরগাজ শহরের কাছে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার ট্রেনের কামরা দুটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রায় তালগোল পাকিয়ে গিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর রাজধানী মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়েল এবং আন্দালুসিয়ার যোগাযোগকারী সমস্ত রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্পেনের রেল পরিষেবা প্রদানকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ রেনফে এবং ইরিও ট্রেন দুটির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।
সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, দুটি ট্রেনই একই লাইনে এগিয়ে যাচ্ছিল। একসময় পিছনের ট্রেনটি সামনের ট্রেনটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে দুটি ট্রেনেরই অন্তত দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে যায়। জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। রেনফে ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন।
ঘটনার পর উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গ্যালান জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্তদের জরুরি সাহায্যের জনয় স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে। তিনি অসামরিক প্রতিরক্ষা আধিকারিকদের অনুরোধ করেছেন, আহত ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাময়িক আশ্রয় ও চিকিৎসার জন্য শহরের একটি ইনডোর স্পোর্টস প্যাভিলিয়নকে প্রস্তুত করার জন্য।
এছাড়াও, ফায়ার ব্রিগেড ও বিশেষ দূর্যোগ মোকাবিলাকারী মেডিকেল টিমকে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তুপের নীচে অনেকেই আটকে রয়েছেন। টোলেডো, আলকাজার দে সান জুয়ান, সিউদাদ রিয়েলের সমস্ত হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেই কর্ডোবা প্রদেশের আদামুজের কাছে ইরিও ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টো দিক থেকে আসা রেনফে ট্রেনকে সজোরে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
