বালুচিস্তানের রাজপুত্র অপহৃত, জোরকদমে চলছে খোঁজ

ইসলামাবাদ: অস্থির বালুচিস্তানে আরও বাড়ল অস্থিরতা। অপহৃত হলেন ‘খান অফ কালাত’-এর এক বালোচ রাজপুত্র। জানা গেছে, বালুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খান সুলেমান খান দাউদের ছেলে প্রিন্স মহম্মদ খান আহমেদজাইকে তাঁর তিনজন সশস্ত্র রক্ষীসহ তুলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। কোয়েটায় পুলিশের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত জানা গেছে এদিন রাতে খুজদার থেকে কালাতের দিকে যাওয়ার সময় মাঝ রাস্তায় সশস্ত্র ব্যক্তিরা রাজকুমারের গাড়ি থামায় এবং তাঁকে অপহরণ করে নিয়ে যায়। যে জায়গা থেকে তাকে অপহরণ করা হয়েছে, সেই পথটি বালুচিস্তানের বিভিন্ন জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রিন্স আহমেদজাই বা তাঁর তিন নিরাপত্তাকর্মীদের খবর মেলেনি।
অপহরণের খবর জানাজানি হওয়ার পর থেকেই পাকিস্তানের পুলিশ, আধাসামরিক বাহিনী এবং অন্যান্য তদন্তকারী সংস্থা অপহৃতদের নিরাপদে উদ্ধার করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়।
ঐতিহাসিক ‘খান অফ কালাত’ ছিল বর্তমান বালুচিস্তানের কেন্দ্রে থাকা ব্রাহুইদের নেতৃত্বাধীন একটি দেশীয় রাজ্য। এখানে ১৫০০ বছর পুরনো প্রাচীন কলাত কালী মন্দিরও রয়েছে। ওই মন্দিরে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কালীমূর্তি। ‘কলাত’ কথার অর্থ পাহাড়ে অবস্থিত দুর্গ। সেই কলাত শহরের শাসকদের খান বলা হতো।
প্রিন্স মহম্মদ খান আহমেদজাইয়ের বাবা সুলেমান দাউদ বর্তমানে আমেরিকায় নির্বাসিত হয়ে রয়েছেন।
উল্লেখ্য,বালুচিস্তানে এই ঐতিহাসিক রাজপরিবারের সদস্যরা অত্যন্ত সম্মানীয়। ফলে এই অপহরণের ঘটনাটি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি করেছে।
