দিনেদুপুরে ছিনতাইয়ের চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত

সংবাদদাতা,মালদহ: দিনেদুপুরে প্রকাশ্যে এক প্রবীণ মহিলার গলা থেকে প্রায় এক ভরি সোনার চেন ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। মঙ্গলবার দুপুরে মালদহ শহরের মাধবনগর বাঁধ রোড এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব পঞ্চমী প্রামাণিক নামের এক প্রবীণ মহিলা চিকিৎসার জন্য মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় যুবক কথা বলার ছলে তাঁর কাছাকাছি আসে এবং হঠাৎই তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। মহিলার চিৎকার ও স্থানীয়দের নজরে আসতেই মুহূর্তের মধ্যে এলাকার মানুষ ধাওয়া করে ওই যুবককে ধরে ফেলেন।
খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রবীণ মহিলার ছিনতাই হওয়া সোনার চেনটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি কৃষ্ণপল্লি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও শহরে পুলিশ পরিচয় দিয়ে বা নানা কৌশলে সোনার চেন ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা বাড়ানোর জোরালো দাবি তুলেছেন স্থানীয়রা।
