চোরবাগান কাণ্ডে থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকে তলব লালবাজারের

সংবাদদাতা, কলকাতা: চোরবাগান দুর্গোৎসবের মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে গতি আনল কলকাতা পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে মণ্ডপ ও থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকে লালবাজারে তলব করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, তদন্তকারীরা মূলত মণ্ডপের পুরো নকশা ও নির্মাণকৌশল বিস্তারিতভাবে বুঝতে চান। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল, তা স্পষ্ট করতেই শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে, নিরাপত্তার খাতিরে মণ্ডপে ঢোকা ও বেরনোর পথ কতটা চওড়া রাখা হয়েছিল, ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না এবং আপৎকালীন পরিস্থিতির জন্য আলাদা নির্দেশিকা মানা হয়েছিল কি না এসব বিষয়ে তাঁকে বিস্তারিত প্রশ্ন করা হতে পারে।
পাশাপাশি, ঘটনার সময় উপস্থিত থাকা ৩ জন প্রত্যক্ষদর্শীকেও লালবাজারে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বয়ান তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজের ওপর জোর দিচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, মণ্ডপ ও সংলগ্ন রাস্তায় মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। তবে সূত্রের দাবি, এর মধ্যে এখনো ১৬টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। নিখোঁজ ফুটেজগুলি উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি পুলিশ বাকি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঠিক চিত্র পুনর্নির্মাণের চেষ্টা করছে।
