বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য় অবমাননাকর নয়, মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী

26 October, 2026 2:33 PM UTSAB RC
শেয়ার করুন

লখনউ: আট বছর ধরে চলা একটি মামলায় অবশেষে স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালত তাঁকে বেকসুর খালাস করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, ২০১৮ সালে বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ সম্পর্কে রাহুল যে মন্তব্য করেছিলেন, তা অবমাননাকর নয়। রায় ঘোষণার সময় আদালতে নিজে উপস্থিত ছিলেন রাহুল। তবে সেখানে পৌঁছনোর পথেই তাঁর কনভয়ের কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যদিও কেউ গুরুতর আহত হননি।

২০১৮ সালে মামলার শুরু। সে বছর কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে বেঙ্গালুরুতে গিয়ে অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। অভিযোগ ওঠে, সেই মন্তব্যে তিনি শাহকে খুনের মামলার অভিযুক্ত বলে উল্লেখ করেছিলেন। সরকারি আইনজীবী কাশীপ্রসাদ শুক্ল সংবাদ সংস্থা এএনআই-কে এ কথাই জানিয়েছেন। ওই বছরের ৪ অগস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজয় মিশ্র সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান।

এর পর মামলা চলেছে দীর্ঘ আট বছর। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন রাহুল। একই বছরের জুলাই মাসে তাঁর বয়ান রেকর্ড করা হয়, তার পর বেশ কয়েক জনের সাক্ষ্যগ্রহণ চলে। ২০২৬ সালের মার্চে রাহুলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার আবেদন জমা পড়ে আদালতে। মে মাসে ট্রায়াল কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে জেলা আদালতে এবং পরে এলাহাবাদ হাই কোর্টে যাওয়া হলেও দুই জায়গাতেই আবেদন খারিজ হয়ে যায়।

চলতি বছরের ৬ অক্টোবর মামলার সওয়াল শুরু হয় এবং ১২ অক্টোবর তা শেষ হয়। অতিরিক্ত সিভিল বিচারক শুভম বর্মা প্রথমে জানিয়েছিলেন, ১৩ অক্টোবর রায় ঘোষণা করা হবে। পরে সেই দিন বদলে ২৬ অক্টোবর ধার্য করা হয়। সোমবার সেই রায়েই রাহুলকে বেকসুর খালাস করেন বিচারক বর্মা।

রায়ের দিন সকালেই লখনউয়ের চৌধরী চরণ সিংহ বিমানবন্দরে নামেন রাহুল। সেখানে বহু কংগ্রেস নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। এর পর সুলতানপুরের উদ্দেশে প্রায় ১৩৫ কিলোমিটারের পথে রওনা দেন তিনি। খবর, রাহুলের কনভয় অনুসরণ করে কংগ্রেস নেতারাও নিজেদের গাড়িতে সুলতানপুরের দিকে যাচ্ছিলেন। সুলতানপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ওই কংগ্রেস নেতাদের চারটি গাড়ি কনভয়ের পিছনে ছিল এবং সেগুলি তাঁদের নিজস্ব গাড়ি। সূত্রের খবর, লখনউ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কনভয়ের মোট পাঁচটি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। রাহুলের নিজের গাড়ি অবশ্য অক্ষত ছিল। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, এর পরেই তিনি আদালতে পৌঁছে রায়ঘোষণার সময় হাজির থাকেন।

প্রতিবেদন

UTSAB RC